বৃষ্টি উপেক্ষা করে মধ্য রাতে উত্তাল শাবিপ্রবি

শাবিপ্রবি প্রতিনিধি
‘চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার’ স্লোগান দিয়ে বৃষ্টি উপেক্ষা করে মধ্যরাতে রাজপথে বেরিয়ে আসেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হলের শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের মুখোমুখি অবস্থানে উত্তপ্ত হয়ে পড়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। এসময় কোটা সংস্কারের পক্ষে থাকা ইংরেজি বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশিরকে মারধোরের অভিযোগ ওঠে শাবি ছাত্রলীগের বিরুদ্ধে।

রবিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে মেয়েদের তিনটি হল থেকে কোটা সংস্কারের পক্ষে নারী শিক্ষার্থীরা স্লোগান দিয়ে বেরিয়ে আসলে ক্যাম্পাসে ছেলে শিক্ষার্থীরাও তাদের সাথে যোগ দেয়। মিছিলটি বিশ্ববিদ্যালয় ‘শিক্ষা ভবন ডি’র সামনে আসলে মুখোমুখি অবস্থান নেয় কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীরা ও ছাত্রলীগ। এসময় শিক্ষার্থীরা ছাত্রলীগকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের অধিকার আদায়ে যৌক্তিক আন্দোলনে রাজপথে কর্মসূচি পালন করে যাচ্ছি। আমাদের এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত না দাবি-দাওয়া মেনে নেওয়া না হচ্ছে।
এর আগে আনুমানিক রাত ১১ টার দিকে সৈয়দ মুজতবা আলী হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছেলে শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগান দিয়ে একটি মিছিল বের করে। পরে ছাত্রলীগও পাল্টা মিছিল বের করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights