বেশি দামে সার বিক্রি: ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুরে নিয়মবহির্ভূতভাবে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে হাবিবুর রহমান নামের এক সাব-ডিলারকে দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে উদ্ধার করা ১১ বস্তা সার উপস্থিত কৃষকদের মাঝে নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে এবং অভিযুক্ত ডিলারের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। দণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমান দৌলতপুর বাজারের ‘মেসার্স দীপু ট্রেডার্স’-এর সাব-ডিলার।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে টাঙ্গাইল জেলা থেকে আসা এক ক্রেতা দৌলতপুর বাজারের সাব-ডিলার হাবিবুর রহমানের দোকান থেকে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ১১ বস্তা সার কেনেন। সার নিয়ে যাওয়ার পথে ‘সমেতপুর’ এলাকায় স্থানীয় বাসিন্দারা গাড়িটি আটকে দেন। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পায় এবং অভিযুক্ত সাব-ডিলার অন্যায্য মূল্যে সার বিক্রির অপরাধ স্বীকার করেন।

নিয়মবহির্ভূতভাবে নিজ এলাকার বাইরে অন্য জেলার ব্যক্তির কাছে সার বিক্রি এবং অতিরিক্ত মূল্য আদায়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। আটক ১১ বস্তা সার তাৎক্ষণিকভাবে স্থানীয় কৃষকদের কাছে প্রমিত মূল্যে বিক্রি করা হয়।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস জানান, সার বিতরণ ও মূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের নির্দেশনার মাত্র একদিনের মাথায় এ ধরনের অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো ডিলার বা সাব-ডিলার কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত মূল্যে সার বিক্রি করলে তাঁদের বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights