ব্যক্তিগত প্রার্থিতার চেয়ে দল বড়: এমপি শ্যামল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে নাসিরনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করা এবং আগামী দিনে দলের রাজনৈতিক কর্মসূচি ঐক্যবদ্ধভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।
গত রবিবার (২৫ অক্টোবর) দিনব্যাপী উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এম.এ. হান্নান।
সভায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে.এম. বশির উদ্দিন তুহিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জহিরুল হক খোকন, সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু, এ.বি.এম. মমিনুল হক, জসিম উদ্দিন রিপন, ডা. মেজবাহ উদ্দিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম এবং সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন।
প্রধান অতিথির বক্তব্যে শ্যামল এমপি বলেন, ‘আগে দলকে শক্তিশালী করতে হবে, তারপর চেয়ারম্যান প্রার্থিতা। ব্যক্তিগত প্রার্থিতার চেয়ে তৃণমূলে দলকে সুসংগঠিত করা এখন সবচেয়ে বেশি প্রয়োজন। দল শক্তিশালী হলে নেতৃত্ব ও নির্বাচন করার সুযোগ নিজে থেকেই তৈরি হবে।’
তিনি নেতাকর্মীদের দ্রব্যমূল্য, বিদ্যুৎ, সার ও জ্বালানিসহ জনসম্পৃক্ত নানা সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান। একই সঙ্গে ব্যক্তিগত স্বার্থ, মতভেদ ও বিভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।
শ্যামল বলেন, জনগণের প্রকৃত নেতা হতে হলে উদার মানসিকতা নিয়ে মানুষের কথা শুনতে হবে এবং তাদের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। বিএনপির নেতাকর্মীদের দীর্ঘদিনের ত্যাগ, নির্যাতন ও প্রতিকূলতার কথা উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই দলের সাংগঠনিক শক্তির মূল ভিত্তি।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম, গুনিয়াউক ইউপি বিএনপির সভাপতি আবুল হোসেন, সদর ইউপি সভাপতি সৈয়দ আবু সারোয়ার, কুন্ডা ইউপি সভাপতি নজরুল ইসলাম, চাতলপাড় ইউপি সভাপতি সোহরাব খান, হরিপুর ইউপি সভাপতি তিতন ফকির, গোকর্ণ ইউপি সভাপতি এম.এ. খালেদ, ভলাকূট ইউপি সভাপতি বরখত উল্লাহ, ধরমন্ডল ইউপি সভাপতি সালাউদ্দিন চৌধুরী, গোয়ালনগর ইউপি সভাপতি হাজী তারেক মিয়া এবং পূর্বভাগ ইউপি সভাপতি আইয়ুব খান।
এ ছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি জামাল মিয়া, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তাজ মহল বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি ইমরান মিয়া এবং উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব খায়রুল বাশার রনি।
সভায় নাসিরনগর উপজেলা, ১৩টি ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
