ভাঙ্গায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ভাঙ্গায় জালাল মোল্লা (৪০) নামক এক ব্যক্তিকে কুপিয়ে মারাত্মক জখম করার ঘটনা ঘটেছে। আহত জালাল মোল্লার বাড়ি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চরকান্দা গ্রামে। তিনি ওই গ্রামের সাজ্জাদ মোল্লার ছেলে। শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে কয়েক বছর ধরে সরোয়ারজান মোল্লা (ভুলু মাজন) এর সাথে আতিয়ার রহমান (ভুলু মোল্লা) এর বিরোধ চলছে। দুই পক্ষের বিরোধে গত দুই বছর আগে সরোয়ারজান ভুলু মাজনের পক্ষের সেকেন মোল্লা নামক এক ব্যক্তি খুন হয়। এ মামলায় আতিয়ার রহমান ভুলু মোল্লাসহ তার পক্ষের লোকজন বেশ কিছু দিন জেলে ছিলেন। আসামিরা জামিনে এসে গত এক বছরে দফায় দফায় দুপক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। সর্বশেষ শুক্রবার ভোরে জালাল মোল্লা তার শ্বশুর সরোয়ার জান ভুলু মাজনের পুকুরে মাছ ধরতে গেলে প্রতিপক্ষ আতিয়ার রহমান ভুলু মোল্লার পক্ষের লোকজন পুকুর পাড় থেকে ধরে নিয়ে পাশের মেহগনি বাগানে নিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়।
আলগী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য মোঃ শহীদ মুন্সী বলেন, দুই পক্ষের মধ্যে অনেক বার মারামারি ও কোপাকুপির ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়ারুল ইসলাম শুক্রবার বিকেলে বলেন, আধিপত্যের বিরোধেই এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলো। এখনো থানায় কেউ অভিযোগ দেয়নি।
