ভাতা পেতে কেউ টাকা দাবি করলেই শাস্তির ব্যবস্থা করা হবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা-সরকারের এসব সুবিধা পেতে কাউকে এক টাকাও দিতে হবে না। এসব সুবিধা মানুষের অধিকার। কার্ড বা ভাতা দেওয়ার নামে কেউ টাকা দাবি করলে তার নাম-পরিচয় লিখে জানানোর আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার দুপুরে নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের তিনটি রাস্তার উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী পুতুল বলেন, ‘ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সরকারের সব ধরনের ভাতা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। এগুলো আপনাদের অধিকার। আপনারা এই সুবিধা পাবেন। এ জন্য কাউকে কোনো টাকা দিতে হবে না।’

তিনি আরও বলেন, ‘ফ্যামিলি কার্ড কিংবা অন্য কোনো সরকারি ভাতা দেওয়ার কথা বলে কেউ যদি আপনাদের কাছে টাকা দাবি করে, তাহলে তার নামটি নোট করে আমাকে জানাবেন। আমি তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব।’

সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা যেন প্রকৃত উপকারভোগীরা কোনো ধরনের হয়রানি বা আর্থিক লেনদেন ছাড়াই পান, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে কেউ যেন সাধারণ মানুষের অসহায়ত্বের সুযোগ নিতে না পারে, সে বিষয়েও সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. মেশকাতুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম গোলাম, উপজেলা প্রকৌশলী আওলাদ হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights