‘ভালোবাসার মানুষকে বিশ্বাস করে প্রতিবারই হতাশ হয়েছি’
অনলাইন ডেস্ক
বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। তার অভিনয় আর ব্যক্তিত্ব নিয়ে চর্চার শেষ নেই।। জীবনে প্রেম এসেছে একাধিকবার, সম্পর্কও গড়েছে। কিন্তু শেষ পর্যন্ত কোনো সম্পর্কই বিয়ের পরিণতি পায়নি। কেন আজও অবিবাহিত এই অভিনেত্রী? একসময় নিজেই জানিয়েছিলেন, বিয়ে না করার পেছনে রয়েছে পুরুষদের কাছ থেকে পাওয়া হতাশার অভিজ্ঞতা।
গত ১৯ নভেম্বর ছিল সুস্মিতা সেনের ৫১তম জন্মদিন। ১৯৭৫ সালের এই দিনে ভারতের হায়দরাবাদে জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিন ঘিরে নতুন করে আলোচনায় এসেছে তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে বিয়ে নিয়ে নেওয়া দীর্ঘদিনের সিদ্ধান্ত।
২০২২ সালে টুইঙ্কল খান্নার উপস্থাপনায় ‘টুইক ইন্ডিয়া’র ‘দ্য আইকনস’ অনুষ্ঠানে নিজের বিয়ে না করার কারণ নিয়ে খোলামেলা কথা বলেছিলেন সুস্মিতা। অভিনেত্রী জানান, জীবনে বেশ কয়েকজন আকর্ষণীয় পুরুষের সঙ্গে পরিচয় হলেও শেষ পর্যন্ত তাদের কাছ থেকে হতাশ হতে হয়েছে। আর এটিই বিয়ে না করার অন্যতম কারণ।
শুধু তা-ই নয়, জীবনে তিনবার বিয়ের একেবারে কাছাকাছি পৌঁছেছিলেন বলেও জানিয়েছিলেন তিনি। কিন্তু প্রতিবারই শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলাতে হয়েছে। সুস্মিতার বিশ্বাস, ঈশ্বর তাঁকে এবং তাঁর দুই মেয়েকে এমন কিছু সম্পর্কের জটিলতা থেকে রক্ষা করেছেন, যা তাদের জীবনে অশান্তি ডেকে আনতে পারত।
তবে বিয়ে নিয়ে তার ভাবনায় যে একেবারেই অনীহা নেই, সেটিও স্পষ্ট করেছেন অভিনেত্রী। ২০২৬ সালের জানুয়ারিতে ইনস্টাগ্রাম সরাসরি সম্প্রচারে এক ভক্তের প্রশ্নের জবাবে জানান, তিনিও বিয়ে করতে চান। তবে তার জন্য প্রয়োজন মনের মতো একজন মানুষ। কেবল সামাজিক নিয়ম মেনে কিংবা বিয়ে করার জন্য বিয়েতে আগ্রহী নন তিনি।
এরপর গত আগস্টে আরেকটি সরাসরি সম্প্রচারে এক ভক্ত জানতে চান, কবে বিয়ের পিঁড়িতে বসবেন সুস্মিতা। মজার ছলে অভিনেত্রী জবাব দেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে থাকবেন ভক্তও, তিনিও। তার এমন মন্তব্যে বিয়ে নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হলেও নির্দিষ্ট কোনো সিদ্ধান্তের কথা জানাননি তিনি।
ব্যক্তিগত জীবনের সিদ্ধান্তে দুই মেয়েকেও কখনো বাধা হিসেবে দেখেননি সুস্মিতা। ২০০০ সালে রেনেকে দত্তক নেন তিনি। এরপর ২০১০ সালে তার পরিবারে আসে দ্বিতীয় মেয়ে আলিসা। দুই মেয়েকে নিয়েই একক মা হিসেবে জীবন কাটাচ্ছেন অভিনেত্রী। তার মতে, মেয়েরা কখনোই তার ব্যক্তিগত সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। বরং জীবনে আসা মানুষদের আন্তরিকভাবেই গ্রহণ করেছে তারা।
মডেল রোহমান শলের সঙ্গেও দীর্ঘদিন সম্পর্কে ছিলেন সুস্মিতা। ২০২১ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিচ্ছেদের খবর জানান অভিনেত্রী। সে সময় তিনি জানিয়েছিলেন, বন্ধুত্ব দিয়েই তাদের সম্পর্কের শুরু, বন্ধুত্ব দিয়েই তা টিকে থাকবে। প্রেমের সম্পর্ক শেষ হলেও ভালোবাসা ও পারস্পরিক সম্মান অটুট রয়েছে।
১৯৯৪ সালে মিস ইউনিভার্সের মুকুট জিতে আন্তর্জাতিক পরিচিতি পান সুস্মিতা। ১৯৯৬ সালে ‘দস্তক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক। এরপর ‘বিবি নম্বর ওয়ান’, ‘ম্যায় হুঁ না’, ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’ ও ‘ফিজা’র মতো সিনেমায় অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন। পরবর্তী সময়ে ‘আরিয়া’ ওয়েব সিরিজেও অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়ে প্রশংসা কুড়ান তিনি।
সূত্র: এনডিটিভি
