ভিত্তিহীন অভিযোগ তুলে নিজেদের ব্যর্থতা ঢাকছে পাকিস্তান: তালেবান

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের সাম্প্রতিক অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে তালেবান প্রশাসন। আফগান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভিত্তিহীন অভিযোগ তুলে দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি না ঘটিয়ে আলোচনার মাধ্যমে নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট সমাধানে মনোযোগ দেওয়া উচিত ইসলামাবাদের।

সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখি সাম্প্রতিক সীমান্ত সহিংসতার ভয়াবহ চিত্র তুলে ধরেন। তিনি জানান, ২০২২ সালের শুরু থেকে এ পর্যন্ত সীমান্ত সংক্রান্ত সহিংসতা ও হামলায় ১১০০ জনেরও বেশি বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন, যার বড় একটি অংশই নারী ও শিশু।

পাকিস্তানকে কূটনৈতিক ও গঠনমূলক পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়ে বলখি বলেন, ভিত্তিহীন অভিযোগ তুলে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে পাকিস্তান। অন্যের ঘাড়ে দোষ না চাপিয়ে নিজ জনগণের কল্যাণে এবং প্রকৃত কূটনীতির মাধ্যমে নিরাপত্তা চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা উচিত তাদের।

এর আগে, আফগান ভূমি থেকে সন্ত্রাসবাদের বিস্তার ঘটছে বলে অভিযোগ করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ওই মন্তব্যের কঠোর জবাব দিয়ে আফগান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে জানান, পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যর্থতা ও সংকট ঢাকতেই আফগানিস্তানের ওপর দায় চাপানো হচ্ছে।

বিশ্লেষকদের মতে, দুই দেশের এই পাল্টাপাল্টি মন্তব্য ও সীমান্ত সংঘর্ষ আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ ইস্যুতে কাবুল ও ইসলামাবাদের মধ্যকার দীর্ঘদিনের দূরত্ব ও চলমান কূটনৈতিক সংকটকে আরো স্পষ্ট করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights