মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় বাতিল হলো ইংল্যান্ড লায়ন্সের ম্যাচ

অনলাইন ডেস্ক

ইরানে একযোগে সামরিক হামলা চালিয়েছ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। আত্মরক্ষার্থে তেহরানের পাল্টা আক্রমণে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

এমন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) নিরাপত্তা পরিস্থিতির অবনতির জেরে ইংল্যান্ড লায়ন্সের একটি নির্ধারিত ম্যাচ বাতিল করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। একই সঙ্গে ইংল্যান্ড নারী দলের আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া প্রশিক্ষণ ক্যাম্পও স্থগিত করা হয়েছে। তবে আকাশসীমা বন্ধ থাকায় এখনই দেশের পথে উড়াল দিতে পারছে না ইংল্যান্ড লায়ন্স দল।

ইসিবি জানিয়েছে, তারা যুক্তরাজ্য সরকারের সঙ্গে এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। মধ্যপ্রাচ্যে অবস্থানরত খেলোয়াড় ও স্টাফদের নিরাপত্তাই তাদের ‘সর্বোচ্চ অগ্রাধিকার’।

আবুধাবিতে পাকিস্তান শাহিনসের (পাকিস্তান ‘এ’) সঙ্গে সিরিজ খেলছে ইংল্যান্ড লায়ন্স (ইংল্যান্ড ‘এ’)। আবুধাবিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে পাঁচ ম্যাচের একদিনের ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটিও হয়ে গেছে। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল দুপুর ১২টায়। কিন্তু এর মধ্যেই শুরু হয়ে গেছে যুদ্ধ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানও পাল্টা হামলা চালাচ্ছে এই অঞ্চলে নানা লক্ষ্যবস্তুতে। দুবাইয়ে পাম জুমেইরাহ রিসোর্টও আক্রান্ত হয়েছে।

ইংল্যান্ড লায়ন্স দলের কোচ অ্যান্ড্রু ফ্লিন্টফ আবুধাবিতে পাকিস্তান শাহিনসের বিপক্ষে পাঁচ ম্যাচের ৫০ ওভারের সিরিজ খেলছিল। ২৫ সদস্যের লায়ন্স দল বর্তমানে যে জায়গায় রয়েছে, সেটা ত্যাগ করতে পারছে না, কারণ আরব আমিরাতের আকাশপথ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

নারী দলের ক্যাম্প স্থগিত

আগামী সপ্তাহে আবুধাবিতে ইংল্যান্ড নারী দলের যে প্রশিক্ষণ ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল, সেটিও আপাতত স্থগিত করা হয়েছে। ইসিবি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দলটির যাত্রা বিলম্বিত থাকবে।

অন্যদিকে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল আগামী বৃহস্পতিবার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে, তারা নির্ধারিত সূচি অনুযায়ী মুম্বাই সফরের অনুমতি পেয়েছে। আইসিসি জানিয়েছে, তারাও ‘পরিবর্তনশীল পরিস্থিতি’ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights