মাঠে নামার আগেই মেসিকে পেছনে ফেললেন বেলিংহাম
স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগেই বড় এক স্বীকৃতি পেলেন জুড বেলিংহাম। ফিফার সর্বশেষ পাওয়ার র্যাঙ্কিংয়ে লিওনেল মেসিকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ইংল্যান্ডের এই মিডফিল্ডার।
কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে ইংল্যান্ডের জয়ে জোড়া গোল করে ম্যাচের নায়ক ছিলেন বেলিংহাম। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে পাওয়ার র্যাঙ্কিংয়ে এক লাফে চার ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।
ফিফার এই পাওয়ার র্যাঙ্কিং টুর্নামেন্ট চলাকালীন খেলোয়াড়দের পারফরম্যান্সের পরিসংখ্যান বিশ্লেষণ করে তৈরি করা হয়। আক্রমণ, সৃজনশীলতা এবং রক্ষণ—এই তিন বিভাগে ১০-এর মধ্যে নম্বর দিয়ে র্যাঙ্কিং নির্ধারণ করা হয়।
সর্বশেষ হালনাগাদ তালিকায় বেলিংহামের আক্রমণভাগে স্কোর ৮.২৫, সৃজনশীলতায় ৬.৪৩ এবং রক্ষণে ৫.৬৭। অন্যদিকে তৃতীয় স্থানে নেমে যাওয়া লিওনেল মেসির স্কোর যথাক্রমে ৮.০৭, ৭.৪১ এবং ৪.৯০।
তবে এই দুই তারকাকেই পেছনে ফেলে শীর্ষস্থান ধরে রেখেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। সেমিফাইনাল থেকে বিদায় নিলেও পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তিনি এখনও র্যাঙ্কিংয়ের এক নম্বরে রয়েছেন।
গোল্ডেন বুটের লড়াইয়েও এগিয়ে এমবাপ্পে। এখন পর্যন্ত তাঁর গোল ৮টি, সঙ্গে রয়েছে ৩টি অ্যাসিস্ট। সমান ৮ গোল করলেও মেসির অ্যাসিস্ট দুটি। অন্যদিকে ৬ গোল নিয়ে এখনও দৌড়ে রয়েছেন বেলিংহামও।
আজ বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। একদিকে শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে লিওনেল মেসির দল, অন্যদিকে ১৯৬৬ সালের পর প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে খেলবে ইংল্যান্ড।
সূত্র: ডব্লিউআইওএন
