মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সজীবকে হত্যা, মাইকেলকে প্রধান আসামি করে মামলা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়া এবং এক মাদক ব্যবসায়ীকে পুলিশে ধরিয়ে দেওয়ার জেরে পরিবহন শ্রমিক মো. সজীব (৩০) হত্যার ঘটনায় মামলা হয়েছে।

‎মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় নিহতের মা শিরিন আক্তার শিরিন বাদী হয়ে মাদক কারবারি মাইকেলকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখ এবং আরও পাঁচ-ছয়জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেন।

এর আগে, সোমবার রাত সাড়ে ১২টার দিকে নাসিকের ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল চেয়ারম্যান অফিস ক্যানেলপাড় এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন সজীব। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

‎‎নিহত সজীব গোদনাইল নয়াপাড়া এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে। তিনি একটি তেলের গাড়ির হেলপার হিসেবে কাজ করতেন।

‎নিহতের স্বজনদের অভিযোগ, প্রায় তিন মাস আগে এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়ার পাশাপাশি মাইকেল নামে এক মাদক ব্যবসায়ীকে পুলিশে ধরিয়ে দেন সজীব। এ নিয়ে মাইকেলের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জেরেই সজীবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের।

‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক বলেন, নিহতের মা বাদী হয়ে মাইকেলকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights