মাদারীপুরে গত দুই দিনের ব্যবধানে পৃথক ঘটনায় ৬ হত্যাকাণ্ড
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে গত দুই দিনে বিভিন্ন এলাকায় পৃথক ঘটনায় ৬ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ও শনিবার এই পৃথক ঘটনাগুলো ঘটেছে। মাদারীপুর শহরের পুরান বাজারে এক যুবককে কুপিয়ে হত্যা, মাদারীপুর সদরের চিড়াইপাড়া গ্রামে আম গাছের সাথে শিকল পরা অবস্থায় লাশ উদ্ধার, রাজৈরে তৃতীয় শ্রেণির মাদ্রাসার শিক্ষার্থীর মুখে গামছা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার ও কালকিনিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পিতাপুত্রসহ তিনজন নিহত। এ সব ঘটনার পর এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানাযায়, শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ৪টার দিকে মাদারীপুর শহরে পাওনা টাকার জন্য এক মিষ্টি দোকানের কর্মচারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বন্ধুর বিরুদ্ধে। দিন দুপুরে এমন ঘটনা হওয়ায় চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। নিহত গৌতম বসু (২৫) সদর উপজেলার পূর্বরাস্তি এলাকার হারান বসুর ছেলে এবং অভিযুক্ত তপন সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের শ্রী স্বনন্দের ছেলে।
একই দিন সকালে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের চিড়াইপাড়া গ্রামের আলমগীর মাতুব্বরের মাছের ঘেরে আম গাছ থেকে শিকল পরা অবস্থায় একটি লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত মিজান সরদার (৫০) সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের বনিকপাড়া গ্রামের মৃত আবু আলী সরদারের ছেলে।
এদিকে শুক্রবার রাতে (২৭ ডিসেম্বর) রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামে বসতঘর থেকে মুখে গামছা বাঁধা অবস্থায় তিশা আক্তার (১১) নামে এক মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তিশা ওই গ্রামের ভ্যানচালক মিলন সরদারের মেয়ে।
অন্যদিকে, একই দিন সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের ভাদুরী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলায় নিহত হন ইউপি সদস্য মো. আতাউর রহমান আক্তার শিকদার(৪৫), তার ছেলে মো. মারুফ শিকদার(২০) ও মো. সিরাজুল চৌকিদার(২৫)। এই ঘটনায় নিহতের পরিবার কালকিনির বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও তার ভাই মশিউর রহমান রাজন বেপারীকে দায়ী করছেন।
এদিকে এই ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে ওই এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে। ওই এলাকায় এখনো মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মাদারীপুরের পুলিশ সুপার মো. সাইফুদ্দিন জানান, এসব ঘটনায় অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেন তিনি।
