মাদুরোকে আটকের আগে মাস্কের এআই গ্রকের পরামর্শ নিয়েছিলেন ট্রাম্প
অনলাইন ডেস্ক
ভেনিজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের আগে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যাটবট গ্রকের পরামর্শ নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সাময়িকী টাইম-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট।
প্রতিবেদন অনুযায়ী, মাদুরোকে আটক করার প্রায় এক মাস আগে ইলন মাস্কের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। ওই বৈঠকে উপস্থিত এক কর্মকর্তার ভাষ্য, নিজের প্রেসিডেন্সি ও ভবিষ্যৎ ভাবমূর্তি নিয়ে গ্রককে নানা প্রশ্ন করতে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের অন্যতম প্রশ্ন ছিল, মাদুরোকে ক্ষমতাচ্যুত করা হলে ভেনিজুয়েলার জনগণ কীভাবে প্রতিক্রিয়া জানাবে। গ্রক পূর্বাভাস দিয়েছিল, অজনপ্রিয় শাসক হিসেবে পরিচিত মাদুরোর পতনে দেশটির মানুষ সম্ভবত আনন্দ উদযাপন করবে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
গত ২ জানুয়ারি ভেনিজুয়েলায় বিমান হামলার অনুমোদন দেন ট্রাম্প। পরদিন রাজধানী কারাকাস থেকে মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে ক্যারিবীয় সাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজে নেওয়া হয়। পরে তাঁদের নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। অভিযানে বোমারু বিমান, যুদ্ধবিমান ও হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল। কিউবার দাবি, অভিযানে দেশটির ৩২ নাগরিক নিহত হন।
মাদুরোর বিরুদ্ধে মাদক-সন্ত্রাস ও যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের ষড়যন্ত্রসহ একাধিক অভিযোগ রয়েছে। তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।
মাস্ক ও ট্রাম্পের মধ্যে বিরোধের খবর থাকলেও মার্কিন প্রশাসনে গ্রকের ব্যবহার অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার সম্পর্কে তথ্য দিতে চালু করা America.gov চ্যাটবটের একটি অংশ গ্রক ও গুগলের জেমিনাইয়ের প্রযুক্তিতে পরিচালিত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগের মধ্যেও প্রযুক্তিটির উন্নয়নে সমর্থন জানিয়ে আসছেন ট্রাম্প। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘যে এআইয়ে জয়ী হবে, সে-ই জিতবে। আমরা চীনসহ অন্যদের চেয়ে এগিয়ে আছি এবং এগিয়ে থাকব।’
সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট
