মানুষ কীভাবে চারপাশ দেখে, নতুন তথ্য পেলেন বিজ্ঞানীরা

অনলাইন ডেস্ক

আমরা চোখ দিয়ে চারপাশের জগৎকে যেমন দেখি, আমাদের মস্তিষ্ক তার চেয়েও বেশি কিছু করে। নতুন এক গবেষণায় জানা গেছে, আমাদের মস্তিষ্ক প্রতি সেকেন্ডে ১৫ বার দুটি আলাদা দৃশ্যের মধ্যে ওঠানামা করে। এর একটি আমরা স্পষ্টভাবে দেখতে পাই, আর অন্যটি চোখের সামনে থাকলেও আমরা খেয়াল করি না।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী বানর ও মানুষের ওপর এই গবেষণাটি করেছেন। তারা পরীক্ষায় অংশ নেওয়া মানুষদের দুই চোখে দুটি আলাদা ছবি দেখান। দেখা যায়, চোখের সামনে নতুন কোনো ছবি এলে মানুষ শুধু সেটাই দেখে। আগের ছবিটি চোখের সামনে থাকলেও তা আর খেয়াল করে না।

পরে বানরের মস্তিষ্কে পরীক্ষা করে বিজ্ঞানীরা অবাক করা এক তথ্য পান। তারা দেখেন, মস্তিষ্ক শুধু চোখের দেখা ছবিতেই আটকে থাকে না। বরং যা দেখছি এবং যা খেয়াল করছি না—এই দুই তথ্যের মধ্যে মস্তিষ্ক সেকেন্ডে ১৫ বার দ্রুত আসা-যাওয়া করে।

তবে এর মানে এই নয় যে, আমরা প্রতি সেকেন্ডে ১৫ বার চারপাশের দৃশ্য বদলাতে দেখি। বরং এটি প্রমাণ করে, আমরা কোনো কিছু খেয়াল না করলেও আমাদের মস্তিষ্ক ঠিকই সেই তথ্য ধরে রাখে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এটি এখনো একদম প্রাথমিক পর্যায়ের একটি গবেষণা। তবে এই আবিষ্কার থেকে মস্তিষ্ক কীভাবে আমাদের দেখা ও না-দেখা বিষয়গুলো নিয়ে কাজ করে, সে সম্পর্কে আগামীতে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

বিডিপ্রতিদিন/কেকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights