ম্যানচেস্টার ইউনাইটেডের স্মৃতিসৌধে ভাঙচুর-চুরি

অনলাইন ডেস্ক

ম্যানচেস্টার ইউনাইটেডের শোকাবহ অধ্যায়ের স্মৃতিসৌধে ভাঙচুর ও চুরির ঘটনা ঘটেছে। ১৯৫৮ সালের মিউনিখ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধের কাচের বাক্স ভেঙে বিভিন্ন স্মারকসামগ্রী চুরি করেছে দুর্বৃত্তরা।

১৯৫৮ সালের ফেব্রুয়ারিতে মিউনিখ বিমানবন্দরের রানওয়েতে বিধ্বস্ত হয় ম্যানচেস্টার ইউনাইটেডের বহনকারী বিমান। ওই দুর্ঘটনায় প্রাণ হারান ২৩ জন। তাদের মধ্যে ছিলেন ক্লাবের আট ফুটবলার ও তিন কর্মকর্তা।

সেই ট্র্যাজেডির স্মৃতি ধরে রাখতে জার্মানির মিউনিখের ম্যানচেস্টারপ্লাৎসে একটি কাচের বাক্স স্থাপন করা হয়। সেখানে দুর্ঘটনাসংক্রান্ত বিভিন্ন স্মারকসামগ্রী রাখা ছিল। সম্প্রতি বাক্সটি ভেঙে সেখান থেকে বেশ কিছু জিনিস চুরি করা হয়েছে বলে নিশ্চিত করেছে ম্যানচেস্টার মিউনিখ মেমোরিয়াল ফাউন্ডেশন (এমএমএমএফ)।

ফাউন্ডেশন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত স্মৃতিসৌধ মেরামতের খরচ বহনের প্রস্তাব দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এর আগেই এমএমএমএফ নিজেদের উদ্যোগে মেরামতের কাজ সম্পন্ন করেছে।

ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইফতি আহমেদ। তিনি বলেন, ‘এ ভাঙচুর ও চুরির ঘটনায় ম্যানচেস্টার মিউনিখ মেমোরিয়াল ফাউন্ডেশন গভীরভাবে মর্মাহত। যারা মিউনিখ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের সদস্যদের পাশাপাশি সারা বিশ্বের ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের কাছে ম্যানচেস্টারপ্লাৎস অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি স্থান।’

স্মৃতিসৌধটির দেখভাল ও দ্রুত মেরামতের জন্য মিউনিখের বন্ধুদের, বিশেষ করে ‘রেড ডকস’ কে ধন্যবাদ জানিয়েছেন ইফতি। তিনি বলেন, ‘দুর্বৃত্তরা হয়তো স্মৃতিবাক্সটি ক্ষতিগ্রস্ত করেছে এবং মূল্যবান স্মারক চুরি করেছে। কিন্তু তারা আমাদের স্মৃতি কেড়ে নিতে পারবে না, আমাদের বন্ধুত্বের গুরুত্ব কমাতে পারবে না কিংবা যাদের আমরা স্মরণ করি, তাদের উত্তরাধিকার মুছে ফেলতে পারবে না। তাদের স্মৃতি চিরকাল অম্লান থাকবে। ম্যানচেস্টার ও মিউনিখের মধ্যকার বন্ধনও কখনো ছিন্ন হবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights