মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল রাশিয়া

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর অভিযোগ তুলে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে মস্কো। একই সঙ্গে রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের বহিষ্কারের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

চলতি মাসেই রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মস্কোর দাবি, এই নির্বাচন এবং ইউক্রেনে রুশ অভিযান ঘিরে অপতথ্য ছড়ানো হচ্ছে। এ কাজ করতে রুশবিরোধী বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠানকে অর্থ দিচ্ছে ওয়াশিংটন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নির্বাচন ও (ইউক্রেনে) বিশেষ সামরিক অভিযান ঘিরে নাশকতামূলক কর্মকাণ্ড ও মিথ্যা তথ্য ছড়ানোসহ বিভিন্নভাবে রুশ ফেডারেশনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা চালানো হচ্ছে। এসব চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।’ মন্ত্রণালয় আরও বলেছে, এ ধরনের কাজে যুক্ত মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের বহিষ্কারসহ নানা উপায়ে পাল্টা জবাব দেওয়া হবে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষাসংক্রান্ত অলাভজনক তিনটি প্রতিষ্ঠানকে ওয়াশিংটন যেন অর্থায়ন না করে, তা মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রাসিকে তলব করে জানানো হয়েছে। ওই তিনটি প্রতিষ্ঠান হলো—আমেরিকান কাউন্সিলস ফর ইন্টারন্যাশনাল এডুকেশন, কালচারাল ভিস্তাস ও ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights