মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় শিশুসহ নিহত ৬
অনলাইন ডেস্ক
মিয়ানমারে একটি বিরোধপূর্ণ অঞ্চলে বিয়ের অনুষ্ঠানে সামরিক বাহিনীর বিমান হামলায় এক নারী, শিশুসহ অন্তত ছয় জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলার পর এক প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, শান ও কারেনি রাজ্যের সীমান্তবর্তী এলাকা ‘মোয়ে বাই’-এর একটি গ্রামে হামলা চলানো হয়।
এরপর ভুক্তভোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে। এলাকাটিতে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত অনেক মানুষ আশ্রয় নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমার গৃহযুদ্ধে নিমজ্জিত।
পর্যবেক্ষণ সংস্থা ‘এসিএলইডি’-এর তথ্য অনুযায়ী, এই সংঘাতে সব পক্ষ মিলিয়ে এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন। মোয়ে বাই শহরটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও, এর বাইরের গ্রাম ও গ্রামীণ এলাকাগুলোতে বিরোধী শক্তিগুলো সক্রিয় রয়েছে।
প্রত্যক্ষদর্শী এএফপি-কে বলেন, আমি কাছাকাছি এলাকায় উড়োজাহাজ ওড়ার শব্দ শুনেছিলাম, কিন্তু ভেবেছিলাম তারা আমাদের এলাকায় বোমা ফেলবে না। তিনি জানান, এরপর তিনি নিজের বাড়িতে চলে যান। কিছুক্ষণ পরই তিনি একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং বিমান হামলার স্থানে প্রচুর ধোঁয়া উড়তে দেখেন।
তিনি আরও জানান, বোমাটি এমন একটি বাড়িতে আঘাত হানে, যেখানে বাস্তুচ্যুত দুজন ব্যক্তির বিয়ের প্রস্তুতি চলছিল।
তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান সহায়তার জন্য। তিনি বলেন, আমি সেখানে ১৭টি মৃতদেহ এবং অনেক আহত ব্যক্তিকে দেখতে পাই।
গ্রামবাসীদের কাছ থেকে পাওয়া অন্যান্য ছবিটি এএফপি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। এর মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। এই ঘটনার বিষয়ে মন্তব্যের জন্য মিয়ানমার সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সূত্র: এএফপি।
