মুন্সীগঞ্জে নকল টাকা ছাপানোর সময় যুবক গ্রেফতার
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগরে নকল টাকা ছাপানোর সময় শ্রাবণ হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ২০০ টাকার নকল নোটে মোট ২ লাখ টাকা, একটি ল্যাপটপ ও একটি কালার প্রিন্টার জব্দ করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শ্রাবণ হোসেন ওই এলাকার মজিবুর রহমানের ছেলে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের তথ্য অনুযায়ী, পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মোহাম্মদ কামরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় মজিবুর রহমানের একতলা ভবনের পশ্চিম দিকের উত্তর পাশের একটি কক্ষে নকল টাকা ছাপানোর সময় শ্রাবণকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, শ্রাবণ নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে নকল নোট তৈরি করতেন এবং সেগুলো ঢাকায় পৌঁছে দিতেন। অভিযানে নকল ২০০ টাকার নোটে মোট ২ লাখ টাকা, একটি ল্যাপটপ ও একটি কালার প্রিন্টার জব্দ করা হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
