মোংলায় ঘের দখল করে মাছ লুটের অভিযোগ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোংলায় উপজেলার পল্লীতে খামার মালিককে মারপিট করে ৮ একর আয়তনের একটি মাছ ঘের (মাছের খামার) দখল করে পানি সেচ দিয়ে মাছ লুট করার অভিযোগ উঠেছে।
বুধবার দুপুরে উপজেলার মাকোরঢোন গ্রামের পাকখালী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘের মালিক তাহাবুর মল্লিক স্থানীয় বাবুল শেখসহ কয়েকজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
মাছের খামারের মালিক তাহাবুর মল্লিক জানান, তিনি উপজেলার মাকোরঢোন গ্রামের পাকখালী এলাকার নিভেন্দ্র নাথ ঢালীর কাছ থেকে ৮ একর জমি লিজ নিয়ে খামার করে মাছ চাষ করেন। বুধবার দুপুরে মাকোরঢোন গ্রামের বাবুল শেখের নেতৃত্বে ১০ থেকে ১২ জন লোক তার উপর হামলা চালিয়ে মাছের ঘেরটি দখল করে পানি সেচ দিয়ে লক্ষাধিক টাকার মাছ লুট করে নিয়ে যায়। এরপর দখলকারিরা তাকে মাছের খামার থেকে তাড়িয়ে দেয়। বিকালে তিনি বাবুল শেখসহ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ওই জমির প্রকৃত মালিক নিভেন্দ্র নাথ ঢালী জানান, আমার জমি তাহাবুর মল্লিককে এক বছরের জন্য লিজ দিয়েছি। তিনি জমিতে মাছ চাষ করছিলেন। বুধবার দুপুরে বাবুল শেখ নামের এক ব্যক্তি দলবল নিয়ে এসে ঘেরটি দখল করে পানি সেচ দিয়ে মাছ ধরে নিয়ে গেছে।
তবে বাবুল শেখ দাবি করেন, তাহাবুর যে জমিতে মাছ চাষ করছিল সেই জমি তার। তিনি অবৈধভাবে এতোদিন তার জমিতে মাছ চাষ করছিলেন। তবে তার ওপর কোনো হামলা বা মাছ লুটের ঘটনা ঘটেনি।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ঘের দখল করে পানি সেচ দিয়ে মাছ লুট করার অভিযোগ পেয়েছি। এ বিষয়ে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আদালতে কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে সেখানে ফৌজদারি অপরাধ সংঘটিত হয়ে থাকলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
