মৌলভীবাজারে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারের জেলার জুড়িতে সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলো উপজেলার বড়ধামাই গ্রামের আবদুল খালিকের ছেলে মো. শাহীন মিয়া ও মনতৈল গ্রামের মোক্তার আলীর ছেলে কামরুল ইসলাম।

সোমবার পশ্চিমজুড়ী ইউনিয়নের স্টেশন সড়কে একটি নির্মাণাধীন ভবনে সেপটিক ট্যাংকে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই ভবনের সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে নেমে প্রথমে শাহীন মিয়া বিষাক্ত গ্যাসে আহত হয়। পরে তাকে উদ্ধার করতে গিয়ে কামরুল ইসলাম ট্যাংকের ভিতরে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পরে।
খবর পেয়ে স্থানীয় দমকল কর্মীরা ওই দুই নির্মাণ শ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. নিশাত জাহান তাদেরকে মৃত ঘোষণা করেন।

জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘মৃত দুই জনের লাশ আমরা থানায় এনে রেখেছি। তাদের পরিবার থেকে ময়নাতদন্ত না করে লাশ নিয়ে যাবার জন্য ম্যাজেস্ট্রিটের নিকট আবেদন করেছেন। আমরা আদেশ পেলে লাশ দিয়ে দেব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights