যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক, যশোর
যশোরের বাঘারপাড়া উপজেলা খাজুরায় রুবেল হোসেন (৩৮) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার খাজুরা তেলপাম্প সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত রুবেল হোসেন বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি তেলিধান্যপোড়া গ্রামের মৃত মুনতাজ ঢালীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে খাজুরা তেলপাম্প সংলগ্ন গাড়ির ওজন মাপার স্কেলের সামনে রুবেলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এক ব্যক্তি। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় রুবেলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযোগ উঠেছে, একই এলাকার আব্দুর রবের ছেলে এবং নিহতের ছোট বোনের দেবর রাব্বি তাকে কুপিয়েছে।
বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জালাল আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত চালাচ্ছে। অভিযুক্ত রাব্বিকে গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযান অব্যাহত রেখেছে।
