যশোর সেনানিবাসে ১১ হাজার তুলার চারা বিতরণ করবে তুলা উন্নয়ন বোর্ড

নিজস্ব প্রতিবেদক, যশোর
যশোর সেনানিবাসের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে আগামী এক বছরে ১১ হাজার শিমুল ও মসলিন তুলার চারা বিতরণ করবে তুলা উন্নয়ন বোর্ড। এর মধ্যে ১০ হাজার শিমুল ও ১ হাজার মসলিন তুলার চারা রয়েছে।

এ উপলক্ষে বুধবার যশোর সেনানিবাসের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে আলোচনা সভা করেছে তুলা উন্নয়ন বোর্ডের যশোর জোনের কর্মকর্তারা। সভা শেষে প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান এ তথ্য জানান।

মিজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সেনানিবাসের শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে শিমুল ও মসলিন তুলার চারা বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন যশোর সেনানিবাসের আর্মি মেডিকেল কলেজের সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালাহউদ্দিন আহমেদ। এ ছাড়া সেনানিবাসের শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াসের প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলী, আর্মি মেডিকেল কলেজের ডিডি (এডমিন) মেজর (অব.) মোসলেম উদ্দিন সিকদার, প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, যশোরের জগদীশপুর তুলা খামারের কটন এগ্রোনমিস্ট ড. মো. জোবায়ের ইসলাম তালুকদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে যশোর আর্মি মেডিকেল কলেজের জন্য তুলা উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে শিমুল ও মসলিন তুলার চারা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights