রংপুরে ঘর থেকে স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের তারাগঞ্জে ঘর থেকে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক যোগেশ চন্দ্র রায় (৭৫) এবং তার স্ত্রী সুবর্ণা রায় (৬০)।

রবিবার সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর এলাকার নিজ বাড়ি থেকে তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা মই বেয়ে বাড়ির ভেতরে ঢোকেন। বাড়ির প্রধান ফটকের চাবি পেয়ে দরজা খুলে ভেতরে গিয়ে তারা ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায় এবং রান্নাঘরে সুবর্ণা রায়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।

স্থানীয়রা জানান, যোগেশ চন্দ্র রায় শিক্ষক ছিলেন। ২০১৭ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে অবসরে যান।

তারাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবু ছাইয়ুম বলেন, দুজনের মাথায় আঘাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights