রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন

ঢামেক প্রতিনিধি
দিনদুপুরে রাজধানীর আদাবরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছেন মো. সুমন শেখ (২৬) নামে এক যুবক। পেশায় তিনি ঢালাই মিস্ত্রির সহকারী।

বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে আদাবর ১০ নম্বর রোড বালুর মাঠ এলাকায় এ ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে বিকেল চারটার দিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন ওই এলাকার এক পথচারী মো. লিটন মিয়া।

আহত সুমন শেখ বলেন, গতকাল (বুধবার) রাতে আদাবর ১০ নম্বর রোডে আমার ফুপু শাশুড়ি আরজু বেগমের বাসায় বেড়াতে গিয়েছিলাম। ফুপুর কাছে আমার জমানো কিছু টাকা ছিল। দুপুরে সেখানে খাবার খেয়ে টাকা নিয়ে বের হয়ে আদাবর বালুর মাঠ এলাকায় দিয়ে হাঁটছিলাম। সে সময়ে ৪-৫ জন ছিনতাইকারী রাস্তার গতিরোধ করে পকেটের টাকা ও মোবাইল কেড়ে নিতে চায়। তখন ধস্তাধস্তির একপর্যায় আমি দৌড়াতে থাকি, তখন পেছন থেকে ছিনতাইকারীরা চাপাতি দিয়ে হাতে কোপ দিলে আমার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। সে সময় আমার কাছে থাকা ১৫ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। পরে ওই এলাকার লিটনের সহযোগিতায় হাসপাতালে আসি।

লিটন বলেন, বালুর মাঠ এলাকায় ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়েছিল। পরে হাসপাতালে নিয়ে আসি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবকের ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

আহত সুমনের গ্রামের বাড়ি পিরোজপুরের সদর উপজেলায়। তার বাবার নাম মৃত বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ শেখ। বর্তমানে মিরপুর ১ জোনাকি রোড হাবুলের পুকুরপাড় এলাকায় থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights