শহীদ জিয়ার ফারাক্কা চুক্তির মতো এবারের চুক্তিও নবায়ন করা হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
পঞ্চগড় প্রতিনিধি
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘১৯৭৭ সালের শহীদ জিয়ার ফারাক্কা চুক্তির মতো এবারের ফারাক্কা চুক্তি নবায়নের কাজ চলছে। সেই সঙ্গে পানি বিশেষজ্ঞসহ টেকনিক্যাল কমিটি এ বিষয়ে কাজ করছেন।’
তিনি বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বর ৩০ বছরের ফারাক্কা চুক্তি শেষ হবে। এজন্য ফারাক্কা চুক্তিটি এই সময়ে মুখ্য হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশের নদীগুলো যাতে নাব্যতা ফিরে পায়, সেজন্য প্রতিবেশী বন্ধুত্বপূর্ণ দেশ তাদের যে বাঁধগুলো, বা স্লুইসগেট, ব্যারেজ বলি, সেইখানে আমাদের যে প্রাপ্যতা আছে তা অনুযায়ী পানি সরবরাহ করবেন। যার মধ্য দিয়ে দুই বন্ধুত্বপূর্ণ দেশের সম্পর্ক শুধু রাষ্ট্রীয়ভাবে নয়, জনগণের মধ্যে আরও জোরদার হবে, শক্তিশালী হবে।’
শনিবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা বিএনপি নেতা ইউনুস শেখ, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন এবং নদী নিয়ে কাজ করা সংগঠন নোঙর বাংলাদেশের সভাপতি সুমন সামস, সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ সংশ্লিষ্টরা।
পরে প্রতিমন্ত্রী তেঁতুলিয়া উপজেলা সম্মেলন কক্ষে নোঙর বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
