শাহজালালে এক কেজি স্বর্ণসহ যুবক আটক

অনলাইন ডেস্ক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ মো. রুস্তম আলী (৩৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টায় চোরাচালান প্রতিরোধে চলমান বিশেষ অভিযানে বিমানবন্দরের টাওয়ার বিল্ডিংয়ের সামনে থেকে তাকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

আটক যুবক ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, সন্ধ্যা ৬টায় অভিযুক্ত রুস্তম আলীকে বিমানবন্দরের টাওয়ার বিল্ডিংয়ের সামনে ঘোরাঘুরি করতে দেখে সাদা পোশাকে দায়িত্ব পালন করা এপিবিএনের গোয়েন্দা সদস্যদের সন্দেহ হয়। এ সময় তাকে চ্যালেঞ্জ করলে তিনি অপ্রাসঙ্গিক উত্তর দিতে থাকেন। পরে তাকে আটক করে বিমানবন্দরে এপিবিএনের অফিসে নিয়ে আসা হয়।

সেখানে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেন যে তার কাছে স্বর্ণ রয়েছে। এ সময় তল্লাশি করা হলে সঙ্গে থাকা ব্যাগ থেকে তিনি নিজ হাতে ৬টি স্বর্ণেরবার (৬৯৬ গ্রাম) এবং ৩৫৫ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ১০৫১ গ্রাম বা ১ কেজি ৫১ গ্রাম স্বর্ণা বের করে দেন। তবে, এই স্বর্ণের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি মো. রুস্তম আলী। এ ঘটনায় তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এয়ারপোর্ট এপিবিএনের এই কর্মকর্তা আরও জানান, পবিত্র ঈদ উপলক্ষে কুচক্রী মহলের চোরাচালানের চেষ্টা নস্যাৎ করার জন্য তারা বিশেষ অভিযান পরিচালনা করে আসছেন। এপ্রিল মাসব্যাপী পরিচালিত এই বিশেষ অভিযানে এখন পর্যন্ত প্রায় ৬ কেজি স্বর্ণ, মোবাইল ফোন, মদ, কসমেটিকস এবং বিপুল পরিমান অন্যান্য শুল্কযোগ্য পণ্য আটক এবং বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights