শিক্ষার্থীকে পুলিশে দেওয়ার অভিযোগ থাকা জবি শিক্ষকের গ্রেড-২ পদোন্নতি
জবি প্রতিনিধিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক প্রক্টর ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে উচ্চতর বেতন স্কেলের গ্রেড-২ পদে উন্নীত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় তাঁর ভূমিকা নিয়ে বিতর্ক থাকায় এ সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৫ নভেম্বর) উপাচার্যের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১১৩তম সিন্ডিকেট সভায় উচ্চতর স্কেলের গ্রেড-১ ও গ্রেড-২ পাওয়া অধ্যাপকদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় দুইজন অধ্যাপক গ্রেড-১ এবং ১৪ জন গ্রেড-২ পদোন্নতি পান। গ্রেড-২ পাওয়া শিক্ষকদের তালিকায় রয়েছেন অধ্যাপক জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে উপাচার্য তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
জুলাই-আগস্টের আন্দোলনের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর হোসেন। ওই সময়ে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দেওয়া এবং ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. নূর নবীকে গোয়েন্দা পুলিশের মাধ্যমে আটক করানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিশেষ করে ১১ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে আন্দোলনকারীদের কেন্দ্রীয় কর্মসূচিতে যোগ দিতে বাধা দেওয়ার বিষয়টিও সামনে এনেছেন শিক্ষার্থীরা।
পদোন্নতির খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। শিক্ষার্থীদের একাংশের দাবি, গণ-অভ্যুত্থানের সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিদের ভূমিকা তদন্ত না করে এ ধরনের পদোন্নতি দেওয়া উচিত হয়নি। অধ্যাপক জাহাঙ্গীরের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্পষ্ট ব্যাখ্যাও দাবি করেছেন তাঁরা।
গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ জবি শিক্ষার্থী ফেরদৌস শেখ বলেন, আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর গুলি ও গ্রেপ্তারের ঘটনায় সাবেক প্রক্টরের ভূমিকা নিয়ে তাঁদের প্রশ্ন রয়েছে। এ অবস্থায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে পদোন্নতি দেওয়ায় তাঁরা হতাশ। তিনি ব্যক্তিগতভাবে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন।
শাখা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সরদার বলেন, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিদের বিষয়ে তাঁদের সংগঠনের অবস্থান কঠোর। অভিযোগগুলোর তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা জানান তিনি।
অন্যদিকে, জকসুর সাধারণ সম্পাদক (জিএস) ও জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আরিফ অভিযোগ করেন, প্রক্টরের দায়িত্বে থাকার সময় জাহাঙ্গীর হোসেন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিলেন। তাঁর দাবি, আন্দোলনের সময় সমন্বয়ক নূর নবীকে ক্যাম্পাসের সামনে থেকে আটক করা হলেও তৎকালীন প্রক্টর কার্যকর ভূমিকা নেননি। এমন একজন শিক্ষককে পদোন্নতি দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
