শিশু নিপীড়ন চেষ্টার অভিযোগ, মাদরাসা শিক্ষক কারাগারে
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে সাঈদ হোসেন নান্নু নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তারের পর বুধবার (২১ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ভুক্তভোগী ছাত্রীর মা দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর ওই রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযোগে বলা হয়, গত ১৪ অক্টোবর দুপুর ২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের দারুল আববার মাদরাসায় পড়তে যায় ওই ছাত্রী। এ সময় শিক্ষক সাঈদ হোসেন নান্নু তাকে একা একটি অফিস কক্ষে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত শিক্ষক সেখান থেকে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্ত মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
