শেরপুরে উদ্ধার বিষধর খৈয়া গোখরা গারো পাহাড়ের বনে অবমুক্ত

শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী উপজেলা সদরের চককাউরিয়া গ্রাম থেকে একটি বিষধর খৈয়া গোখরা (Spectacled cobra) উদ্ধার করা হয়েছে। সাপটি আজ সকালে কর্নঝোড়া পাহাড়ি বনে অবমুক্ত করা হয়।

রোববার স্থানীয় একটি বাড়ির পেছন থেকে সাপটি উদ্ধার করেন বন্যপ্রাণী ও পরিবেশ নিয়ে কাজ করা কাঞ্চন মারাক ও তার সহযোগীরা।

উদ্ধারকারীদের দেওয়া তথ্য অনুযায়ী, সাপটির দৈর্ঘ্য প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি এবং ওজন প্রায় সাড়ে ৩ কেজি।

স্থানীয় সূত্রে জানা যায়, চককাউরিয়া গ্রামের রুবেল মিয়ার বাড়ির পেছনে প্রথমে সাপটি দেখতে পান তার ছোট ভাই রনি মিয়া। পরে সাপটি একটি গর্তে আশ্রয় নিলে স্থানীয়রা সেটিকে না মেরে উদ্ধারকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন।

খবর পেয়ে কাঞ্চন মারাক সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে গর্ত থেকে সাপটি জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে।

কাঞ্চন মারাক জানান, উদ্ধার করা সাপটি খৈয়া গোখরা বা স্পেকট্যাকলড কোবরা। এটি বিষধর প্রজাতির সাপ। উদ্ধারের পর সাপটিকে অযথা বিরক্ত না করে নিরাপদে ব্যাগে রাখা হয়।

পরে সাপটি বন বিভাগের বালিজুড়ি রেঞ্জের কর্ণঝোড়া বিটে হস্তান্তর করা হলে আজ সোমবার বালিজুরি রেঞ্জের কর্ণজোড়া বিটের বিট কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বন বিভাগের তত্ত্বাবধানে সাপটিকে কর্ণঝোড়া গারো পাহাড়ের বন এলাকায় প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

এ বিষয়ে কাঞ্চন মারাক বলেন, মানুষের বসতবাড়ি বা আশপাশে সাপ দেখা গেলে আতঙ্কিত হয়ে সেটিকে মারার চেষ্টা না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে বন বিভাগ বা প্রশিক্ষিত উদ্ধারকর্মীদের জানানো উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights