শেষ হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার

অনলাইন ডেস্ক
দেশ-বিদেশ ভ্রমণের রকমারি আয়োজন, পর্যটনসেবায় বিশেষ ছাড় আর আকর্ষণীয় অফারের পসরা নিয়ে জমে উঠেছে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ)।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী এই পর্যটন মেলার আজ শনিবার শেষ দিনেও সকাল থেকেই ভ্রমণপ্রেমী ও দর্শনার্থীদের উপচেপড়া উপস্থিতি দেখা গেছে।

শনিবার মেলা প্রাঙ্গণে দেখা যায়, আইসিসিবির তিনটি হলজুড়ে দর্শনার্থীদের আনাগোনা।

আগামী শীত মৌসুমকে সামনে রেখে বিভিন্ন হোটেল, রিসোর্ট ও ট্যুর অপারেটরদের দেওয়া বিশেষ ডিসকাউন্ট এবং আকর্ষণীয় প্যাকেজ লুফে নিতে বুথগুলোতে ভিড় করছেন ভ্রমণপিপাসুরা।

বাংলাদেশসহ ১০টি দেশের ২০০টিরও বেশি প্রতিষ্ঠানের প্রায় ৩০০টি বুথে চলছে পর্যটনসেবার প্রচার ও বুকিং।

হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্ট, এয়ারলাইন্স ও বিদেশি মিশনগুলোর প্রতিনিধিরা ঘুরতে আসা মানুষদের সামনে তুলে ধরছেন তাদের নিজ নিজ অফার।

ভ্রমণের অফারের পাশাপাশি র‍্যাফেল ড্র, বিটুবি সেশন এবং প্রতিদিন সন্ধ্যার সাংস্কৃতিক পরিবেশনাও মেলায় আলাদা মাত্রা যোগ করেছে।

এর আগে গত সোমবার রাজধানীর ক্রাউন প্লাজায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেছিলেন পর্যটন বিচিত্রার সম্পাদক ও এটিএফের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দেশের অঞ্চলভিত্তিক পর্যটন যেমন হাওর, সুন্দরবন, নৌ-পর্যটন, অ্যাডভেঞ্চার ও পরিবেশ পর্যটনের সম্ভাবনাকে তুলে ধরাই এবারের মেলার অন্যতম মূল লক্ষ্য। এছাড়া পর্যটন খাতে নারী উদ্যোক্তা ও কমিউনিটি ট্যুরিজমের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য বিটুবি সেমিনার ও নেটওয়ার্কিংয়ের সুযোগ রাখা হয়।

মেলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টাইটেল স্পন্সর হিসেবে দায়িত্ব পালন করছে।

মেলা প্রাঙ্গণে আসা দর্শনার্থীরা জানান, এক ছাদের নিচে দেশ-বিদেশের পর্যটন গন্তব্য সম্পর্কে জানতে পারা এবং শীতের ভ্রমণের জন্য আগাম ছাড় পাওয়ার সুযোগটি তাদের বেশ উৎসাহিত করেছে।

আজ শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights