সকালে হাঁটতে বেরিয়ে বাড়ি ফেরা হলো না স্বামী-স্ত্রীর, গাড়িচাপায় মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে প্রাতঃভ্রমণে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা হরিপুর মসজিদের কাছে দুর্ঘটনাটি ঘটে।
নিহত নজরুল ইসলাম (৬২) উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র ও তার স্ত্রী ঝরনা বেগম(৪৮)। তাদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে ।
পুলিশ এবং স্থানীয়রা জানায়, ফজরের নামাজ শেষে বাড়ি থেকে প্রাতঃভ্রমণের (মর্নিং ওয়াক) উদ্দেশে বের হন এ দম্পতি। হাঁটার একপর্যায়ে তারা মহাসড়কের হরিপুর মসজিদের কাছে পৌঁছালে দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে দুজনেই ছিটকে সড়কের পাশে পড়ে যান।
দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর অন্য পথচারীরা তাদের রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাদের উদ্ধার করে দাউদকান্দির গৌরীপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি প্রেমলাল দাস বলেন, অজ্ঞাত যানবাহনের চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্ত ও চালককে আটক করতে মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
