সরকারি কাঠামোতে বেতন পাবেন হামজা-সামিতরা

অনলাইন ডেস্ক

জাতীয় দলের ফুটবলারদের সরকারিভাবে বেতন কাঠামোর আওতায় আনতে উদ্যোগ নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, তৃণমূল থেকে জাতীয় দল পর্যন্ত খেলোয়াড়দের উৎসাহ বাড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভবনে প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৈঠকে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলমসহ সংশ্লিষ্টরা।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় দলের হয়ে খেললে চুক্তিভিত্তিক বেতন কাঠামোর আওতায় আনা হবে ফুটবলারদের। এতে ভবিষ্যৎ প্রজন্ম আরও আগ্রহী হবে এবং জাতীয় দলে খেলার প্রেরণা পাবে। বর্তমানে নারী ফুটবলাররা বাফুফের সঙ্গে চুক্তিবদ্ধ থাকলেও পুরুষ ফুটবলাররা কেবল ম্যাচভিত্তিক সম্মানী পান।

হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম ও শমিত শোমরাদের আগমনে দেশের ফুটবলে নতুন উন্মাদনা তৈরি হয়েছে। জাতীয় স্টেডিয়ামে তাঁদের ম্যাচে দর্শকদের উপস্থিতিও বেড়েছে। তবে অবকাঠামোগত সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সরকার ও বাফুফে যৌথ উদ্যোগ নিচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, ফিফার অনুদানে তিনটি স্টেডিয়াম উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। আলোচনার ভিত্তিতে চুক্তির মাধ্যমে বাফুফের কাছে হস্তান্তর করা হবে কমলাপুর স্টেডিয়াম, সিলেট স্টেডিয়াম ও চট্টগ্রাম স্টেডিয়াম

গ্যালারি সংস্কার থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনা উন্নয়নে ফিফার আর্থিক সহায়তা নেওয়া হবে বলে জানান তিনি।

এ ছাড়া বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের জন্য একটি বাৎসরিক ক্যালেন্ডার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা পর্যায়ে লিগ পুনরায় চালু করাসহ আন্তঃজেলা প্রতিযোগিতাকে স্থায়ী রূপ দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে।

সব মিলিয়ে জাতীয় ফুটবলকে পেশাদার কাঠামোয় আনতে বেতন, অবকাঠামো উন্নয়ন ও নিয়মিত প্রতিযোগিতা এই তিন দিকেই জোর দিচ্ছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights