সাবেক এমপি ইলিয়াস মোল্লার সহযোগী বেনু গ্রেফতার

অনলাইন ডেস্ক

রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শেখ সাকিব রায়হান হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার অন্যতম সহযোগী মোশারাত হাসান বেনুকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে পল্লবী থানাধীন মিরপুর-১২ নম্বরের ই-ব্লকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বেনু ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ‘ডান হাত’ হিসেবে পরিচিত।
মঙ্গলবার বিকালে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পল্লবী থানা সূত্রের বরাত দিয়ে তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে মিরপুর এলাকায় সাকিব রায়হান হত্যার ঘটনায় তার বাবা শেখ আজিজুর রহমান বাদী হয়ে গত ৩ অক্টোবর পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই বিকালে মিরপুর-৬ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনের রাস্তায় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে নির্বিচারে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় সাকিব রায়হান বুকে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত সাকিব রায়হানকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিসি তালেবুর আরও জানান, এ ঘটনার মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সাকিব রায়হান হত্যায় জড়িত মোশারাত হাসান বেনুকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights