সিলেটে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেট মহানগরীর আলীবাহার চা বাগান থেকে এক যুবকের হাত কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বাগানের কাটাটিলা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম সিতেশ চন্দ গোপ। তিনি হবিগঞ্জ সদরের ৮নং ওয়ার্ডের ঘোষপাড়া গ্রামের রাখাল চন্দ গোপের ছেলে।

স্থানীয়রা জানান, চা বাগানের টিলার উপর যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। ওই যুবকের একটি হাত কাটা ছিল। পুলিশ মরদেহের পাশ থেকে একটি ছোরা ও রক্তমাখা শার্ট উদ্ধার করেছে পুলিশ।

বিমানবন্দর থানার ওসি মঈন উদ্দিন সিপন জানান, সিতেশ চন্দ্রের লাশ তার বড় ভাই গোপেশ চন্দ গোপ শনাক্ত করেছেন।
গোপেশের বরাত দিয়ে পুলিশ জানায়- কয়েকদিন আগে সিতেশ চন্দ তার স্ত্রীকে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সোমবার দিবাগত রাতে তার একটি সন্তান জন্মগ্রহণ করে। এর আগে রবিবার থেকে সিতেশ নিখোঁজ ছিল। সোমবার পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিতেশকে খুন করা হয়েছে। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights