সীমান্ত হত্যা ও চোরাচালান বন্ধে বিজিবি-বিএসএফের বৈঠক
বেনাপোল (যশোর) প্রতিনিধি
সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালানসহ বিভিন্ন সীমান্ত অপরাধ প্রতিরোধ এবং সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা বাড়াতে বৈঠক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ভারতের পেট্রাপোল বিএসএফ কনফারেন্স সেন্টারে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন এবং বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের রিজিয়ন কমান্ডার ও ইন্সপেক্টর জেনারেল (আইজি) পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে বিজিবির ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। অন্যদিকে বিএসএফের সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি দলজিত সিং।
বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধ, চোরাচালান দমন এবং সীমান্ত ব্যবস্থাপনায় দুই বাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ও আলোচনায় উঠে আসে। উভয় পক্ষ বৈঠককে ফলপ্রসূ ও গঠনমূলক বলে অভিহিত করেন।
এ সময় সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পারস্পরিক আলোচনা, সহযোগিতা ও সমঝোতার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই বাহিনীর মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বৈঠকে অনুষ্ঠিত আলোচনা ও গৃহীত সিদ্ধান্ত সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুই দেশের সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
