সুবর্ণচরে ছাত্রলীগ নেতা ফাহাদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনসহ নানা অভিযোগ

মোঃ ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন ফাহাদের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান পরিবর্তন, যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, মাদক সেবন, একাধিক নারীর সঙ্গে সম্পর্ক এবং সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় সংগঠনের বর্তমান নেতাকর্মীদের একাংশের মধ্যেও অসন্তোষ ও বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৩ সালে জান্নাতুল মওয়া তানহার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ফাহাদ। বিয়ের কিছুদিন পর বিদেশের কথা বলে একাধিকবার টাকা নেন ফাহাদ। সে টাকা একাধিক নারীর সাথে পরকীয়া জড়িয়ে শেষ করেন। এর পর আবারও বিদেশের যাবার কথা বলে ৫ লাখ টাকা দাবী করেন সে টাকা দিতে অস্বীকৃতি জানালে স্ত্রী তানহাকে একাধিক বার মধ্যযুগীয় কায়দায় মারধর করেন৷ একাধিক নারীর সাথে ধরাও পড়েন ফাহাদ, বর্তমানে ফাহাদের দুই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। এসব অন্যায়ের প্রতিবাদ করায় স্ত্রী ও সন্তানের দায়িত্ব এড়িয়ে যাওয়া এবং একপর্যায়ে স্ত্রীকে ডিভোর্স লেটার পাঠানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এ বিষয়ে তানহার সঙ্গে কথা হলে তিনি সংসার টিকিয়ে রাখার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন, মাদক সেবন এবং একাধিক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ করেন। তাঁর দাবি, এসব বিষয়ে ফাহাদ তাঁর কাছে স্বীকারও করেছেন।

এ ঘটনায় তানহা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলা করেছেন। গত ২১ নভেম্বর ২০২৬ তারিখে মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে গেলে তিনি পালিয়ে যান।

অন্যদিকে, ফাহাদের রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয় কয়েকজনের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের আগে ৩ আগস্ট নোয়াখালী জেলা প্রেসক্লাবের সামনে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি। সে সময় তিনি ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন বলে দাবি তাঁদের। পরবর্তী সময়ে ছাত্রলীগে যোগ দিয়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কের পদ পান।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের একাধিক নেতা জানান, ফাহাদের রাজনৈতিক অবস্থান পরিবর্তন এবং ব্যক্তিগত জীবনের বিভিন্ন অভিযোগে তাঁরা বিব্রত। তাঁদের দাবি, একজন বিশেষ নেতার মাধ্যমে তিনি সংগঠনের গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। রাজনৈতিক পরিস্থিতি ও সুযোগ বুঝে বিভিন্ন পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখার প্রবণতাও তাঁর মধ্যে রয়েছে। স্ত্রী নির্যাতনের অভিযোগের বিষয়টি কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেন তাঁরা। তাঁর কর্মকাণ্ড সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলেও তাঁদের অভিযোগ।

এ ছাড়া স্থানীয়দের অভিযোগ, ফাহাদ ৪নং চর ওয়াপদা ইউনিয়নের রাজনৈতিক প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের হয়রানির সঙ্গে জড়িত ছিলেন। এসব অভিযোগের পরও তিনি কীভাবে গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে রয়েছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় নেতাকর্মীরা। অভিযোগের বিষয়ে ফাহাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, পারিবারিক কারণে স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন। তাঁর বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগকে ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি। তবে ডিভোর্সের কারণ, সন্তানের ভরণপোষণ এবং স্ত্রীর নির্যাতনের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সুনির্দিষ্ট শুধু তার স্ত্রীকে দায়ী করেন।

সব মিলিয়ে ফাহাদের রাজনৈতিক অবস্থান ও ব্যক্তিগত জীবন নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং তাঁকে ছাত্রলীগের সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কারসহ যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংগঠনের সচেতন নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights