সৌদির শুকাইক বিদ্যুৎকেন্দ্র খালি করতে হুঁশিয়ারি হুতিদের

অনলাইন ডেস্ক

ইয়েমেনের দু’টি বিদ্যুৎকেন্দ্রে হামলার পাল্টা জবাব হিসেবে দক্ষিণ-পশ্চিম সৌদি আরবের শুকাইক বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ‘সৌদি শত্রুপক্ষ সাদা ও মোখা বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানোর জবাবে আমরা ঘোষণা করছি, সামনের কয়েক ঘণ্টার মধ্যেই শুকাইক বিদ্যুৎকেন্দ্র আমাদের বাহিনীর বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।’

একইসঙ্গে শুকাইক বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক ও কর্মীদের ‘অবিলম্বে কেন্দ্রটি খালি করার’ সতর্কবার্তা দিয়েছেন ইয়াহিয়া সারি। পাশাপাশি ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের বিদ্যুৎকেন্দ্রটির কাছাকাছি না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

এর আগে হুতি পরিচালিত আল-মাসিরাহ টিভি জানায়, ইয়েমেনের সাদা শহরের উত্তরে এবং লোহিত সাগরের তীরবর্তী শহর মোখার দু’টি বিদ্যুৎকেন্দ্রে সৌদি আরব বিমান হামলা চালিয়েছে। এর পরপরই পাল্টা হামলার এই হুমকি দিল হুতিরা, যা ওই অঞ্চলে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে।

সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights