স্কুল ফিডিংয়ে দুধের সঙ্গে ডিমও যুক্ত করতে হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা

শুক্রবার ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিশ্ব ডিম দিবসের এক অনুষ্ঠানে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। সংগৃহীত ছবি

‘স্কুল ফিডিং’ কর্মসূচিতে দুধের সঙ্গে ডিম যুক্ত করার পরামর্শ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি বলেছেন, আমাদের স্কুল ফিডিংয়ে দুধ দেওয়া হচ্ছে, সেখানে ডিমও যুক্ত করতে হবে। কেননা অনেক দারিদ্র্য ছেলে-মেয়ে পুষ্টির জোগান পায় না। সেক্ষেত্রে স্কুলের খাবার তালিকায় ডিম অন্তর্ভুক্ত করা হলে শিক্ষার্থীদের অপুষ্টি দূরীকরণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শুক্রবার ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিশ্ব ডিম দিবসের এক অনুষ্ঠানে তিনি এমন পরামর্শ দেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তর, পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল ও ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখা এ অনুষ্ঠান আয়োজন করে।

উপদেষ্টা বলেন, ডিম এমন এক খাবার, যার সঙ্গে দেশের প্রায় সব শ্রেণির মানুষ কোনো না কোনোভাবে জড়িত। এর উৎপাদন থেকে শুরু করে ভোগ পর্যন্ত প্রত্যেক স্তরে মানুষের অংশগ্রহণ রয়েছে। গরুর মাংস সবাই ক্রয় করতে না পারলেও ডিম এমন একটি সাশ্রয়ী খাদ্য, যা সবার নাগালে।

বাজারে ডিমের দাম বাড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, মৌসুমভেদে ডিমের দর ওঠা-নামা করে। অনেক সময় অনিয়ম ও অপ্রয়োজনে মধ্যস্বত্বভোগীদের হাত বদলের কারণে দাম বেড়ে যায়। এ প্রেক্ষাপটে ডিমের বাজারকে গুরুত্ব দিয়ে নিয়মিতভাবে রিপোর্ট এবং বাজার পর্যবেক্ষণ জোরদার করতে হবে। ডিমের দাম বাড়ানোর সঙ্গে জড়িতদের অনিয়ম ও অসাধু কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দেশের ৮০ শতাংশ ডিম প্রান্তিক খামারিদের কাছ থেকে আসে, গ্রামীণ দরিদ্র নারীরাও দু-একটি করে মুরগি পালন করে নিজেদের পরিবারের পাশাপাশি স্থানীয় পর্যায়ে পুষ্টি সরবরাহে অবদান রাখছেন বলেও মন্তব্য করেন তিনি।

কৃষিতে কীটনাশক ব্যবহারে মুরগি পালন ‘হুমকির মুখে’ পড়ছে মন্তব্য করেন এবং হাওরের হাঁসের ডিমের কথা প্রচার করার আহ্বান জানান তিনি।

‘কমপ্লিট ফুড’ সম্পর্কে আলোচনা করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, সেখানে সবজি, মাছ ও মাংসের কথাও বলতে হবে। ক্যান্সার অনেক বেড়ে গেছে। প্রায় ঘরে ঘরে নারীরা ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। ডিম খেলে ক্যান্সার কমে- এই বার্তাটি ব্যাপকভাবে প্রচার করতে হবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাকিলা ফারুক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইলিয়াস হোসেন ও অধ্যাপক মাহমুদুল হাসান সিকদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights