স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই একমাত্র সমাধান : পোপ লিও
অনলাইন ডেস্ক
ইসরায়েল ও ফিলিস্তিনি জনগণের মধ্যে দীর্ঘকাল ধরে চলা সংঘাতের একমাত্র বাস্তবসম্মত সমাধান হলো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা বলে মন্তব্য করেছেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও। তুরস্ক থেকে লেবাননগামী ফ্লাইটে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ মন্তব্য করেন তিনি। খবর রয়টার্সের।
তিনি বলেন, ইসরায়েল এখনো সেই সমাধান (স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র) গ্রহণ করছে না। তবে আমরা এটিকেই একমাত্র পথ হিসেবে দেখি। আমরা ইসরায়েলেরও বন্ধু এবং আমরা দুটি পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী কণ্ঠ হিসেবে কাজ করতে চাই, যেন ন্যায়সঙ্গত সমাধানের দিকে অগ্রগতি সম্ভব হয়।
এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধী। তবে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্রও সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানিয়েছে।
তুরস্ক সফর নিয়ে আট মিনিটের সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে পোপ লিও আরও বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আলোচনায় ইসরায়েল-ফিলিস্তিন ইস্যু ছাড়াও ইউক্রেন-রাশিয়া সংঘাত নিয়েও কথা হয়েছে। উভয় যুদ্ধের অবসানে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন পোপ।
পোপ লিও সতর্ক করে বলেছেন, বিশ্বের বিভিন্ন স্থানে অস্বাভাবিক সংখ্যক রক্তক্ষয়ী সংঘাত মানবতার ভবিষ্যতকে হুমকির মুখে ফেলেছে। তিনি ধর্মের নামে সহিংসতারও কঠোর নিন্দা জানান।
