হাট নাকি ধান লাগানো মাঠ?

ঝিনাইদহ প্রতিনিধি-
বৃষ্টি হলেই কাদায় একাকার হয়ে যায় পুরো হাট। দেখে মনে হতে পারে এটি কোনো হাট নয় যেন ধান লাগানোর মাঠ। চলাচলের রাস্তা থেকে শুরু করে হাটের ভেতরের অধিকাংশ জায়গায় জমে থাকে কাদা ও পানি। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের। এমন চিত্র ঝিনাইদহ পৌরসভার নতুন হাটখোলার।
সরেজমিন ঘুরে দেখা যায়, সামান্য বৃষ্টিতেই হাটের বিভিন্ন স্থানে কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কোথাও পানি জমে আছে, কোথাও আবার কাদায় তৈরি হয়েছে যানবাহনের চাকার গভীর দাগ। কাদা মাড়িয়েই হাটে কেনাকাটা করতে হচ্ছে ক্রেতাদের। পণ্য নিয়ে চলাচল করতে গিয়ে বিপাকে পড়ছেন ব্যবসায়ীরাও।
হাটে আসা শহরের আরাপপুর এলাকার ক্রেতা রফিকুল ইসলাম বলেন, বৃষ্টি হলেই হাটের এমন অবস্থা হয়। কাদার মধ্যে দিয়ে চলাচল করতে গিয়ে কাপড় ও জুতা নষ্ট হয়ে যায়। অনেক সময় পা পিছলে পড়ে যাওয়ার ভয় থাকে।
সবজি বিক্রেতা আব্দুল হালিম বলেন, এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করছি। বৃষ্টি হলে পুরো হাট কাদায় ভরে যায়। মালামাল নিয়ে দোকানে আসা-যাওয়া করতে খুব কষ্ট হয়। কাদার কারণে ক্রেতারাও দোকানে আসতে চান না। এতে আমাদের বেচাকেনাও কমে যায়। পৌরসভায় বার বার বলার পরও তারা কোন ব্যবস্থা নেয় না।
হাটে কেনাকাটা করতে পবহাটি এলাকার বাসিন্দা সেলিনা খাতুন বলেন, নারী ও বয়স্ক মানুষের জন্য এই হাটে চলাচল করা খুবই কষ্টকর। কোথাও শুকনো জায়গা পাওয়া যায় না। পৌরসভার উচিত দ্রুত হাটের রাস্তাঘাট সংস্কার করা।
মাছ বিক্রেতা মনির হোসেন বলেন, বৃষ্টি হলেই দোকানের সামনে কাদা জমে থাকে। ক্রেতারা কাদা ঠেলে আসতে চান না। দীর্ঘদিন ধরে এ সমস্যা চলছে। আমরা চাই, হাটের রাস্তাগুলো পাকা করা হোক এবং পানি বের হওয়ার ব্যবস্থা করা হোক।
এ ব্যাপারে ঝিনাইদহ পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ রাশেদ আলী খান বলেন, নতুন হাটখোলার ভেতরের রাস্তা সংস্কার করার জন্য আমরা আরইউটিডিপি প্রকল্পের মাধ্যকে একটি প্রকল্প গ্রহণ করেছি। ইতিমধ্যে কাজের টেন্ডারও হয়েছে। আগামী সপ্তাহেই কাজ শুরু হবে। আশা করছি দ্রুতই এই সমস্যার সমাধান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights