হেক্সা মিশনে বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক
২০০২ সালে ব্রাজিল পঞ্চমবারের মতো বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়। এরপর হলুদ জার্সিধারী সমর্থকরা অপেক্ষায় থাকেন তাদের প্রিয় দল ছয়বারের চ্যাম্পিয়নের। ছয়কে আবার গ্রিস কিংবা ল্যাতিন ভাষায় হেক্সা বলা হয়। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ পাঁচটি বিশ্বকাপ চলে গেলেও ব্রাজিলের আর হেক্সা জেতা হয়নি। এমনকি ২০০২ সালের পর ফাইনাল খেলা সম্ভব হয়নি। দেখা যাক এবার ২০২৬ সালে হেক্সা জিতে অপেক্ষার অবসান ঘটায় কি না ব্রাজিল।

বসুন্ধরা কিংসের সমর্থকরাও অপেক্ষায় রয়েছেন তাদের প্রিয় দল এবার পেশাদার-লিগের শিরোপার সংখ্যাটা হেক্সায় পরিণত করতে পারে কি না। ২০১৮-১৯ মৌসুমে পেশাদার লিগে অভিষেকের পর টানা পাঁচবার চ্যাম্পিয়ন হয়ে ১৯৪৮ সালে শুরু হওয়া ঘরোয়া ফুটবলে নতুন ইতিহাস গড়েছে কিংস। গতবার তারা শিরোপার বাইরে ছিল। এবার সম্ভাবনা রয়েছে হেক্সা জেতার। যদি সফল হয় তাহলে পেশাদার লিগে আবাহনীর সমান ছয়বার চ্যাম্পিয়ন হবে তারা। ৬২ দিন নানা কারণে বন্ধ থাকার পর দেশের ফুটবলে সবচেয়ে মর্যাদাকর আসর বাংলাদেশ ফুটবল লিগ মাঠে গড়াচ্ছে আজ। ১০ দলের প্রথম লেগের লড়াই শেষ হয়েছিল ৩ জানুয়ারি। যা শুরু হয়েছিল গত বছরের ২৬ সেপ্টেম্বর। দ্বিতীয় লেগের উদ্বোধনী দিনেই বসুন্ধরা কিংসের ম্যাচ। নিজ ভেন্যু কিংস অ্যারিনায় তাদের প্রতিপক্ষ পিডব্লিউডি। অন্যদিকে কুমিল্লায় আবাহনীর প্রতিপক্ষ রহমতগঞ্জ। প্রতিপক্ষ হিসেবে পিডব্লিউডি দুর্বল হলেও কিংসকে আজ সতর্ক হয়েই খেলতে হবে। কেননা, প্রথম লেগে ২ গোলে এগিয়ে থেকে পিডব্লিউডির সঙ্গে ড্র করেছিল। লিগে কিংসের সঙ্গে সমান ১৮ পয়েনট সংগ্রহ করেছে ফর্টিস এফসি। তবে গোল ব্যবধানে শীর্ষে আছে কিংস। ফর্টিস আগামীকাল কুমিল্লায় মোহামেডানের বিপক্ষে দ্বিতীয় লেগের প্রথম ম্যাচ খেলবে। প্রথম লেগে ফর্টিস জয় পেয়েছিল। দ্বিতীয় লেগটা কিংসের জন্য হবে বড্ড চ্যালেঞ্জের। ফর্টিসের সমান ১৮ পয়েন্ট। তার পর আবার পরের তিন দল একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। রহমতগঞ্জ ১৫, পুলিশ ১৪ ও আবাহনীর পয়েন্ট ১৩। ৩ পয়েন্টের ম্যাচে ড্র করাটাও এখন ঝুঁকির ব্যাপার। কিংস প্রথম লেগে ড্র করেছে পিডব্লিউডি, ইয়ংমেন্স ফকিরেরপুল ও আবাহনীর বিপক্ষে। হেরেছে পুলিশের কাছে। নতুন চ্যাম্পিয়ন হতে ফর্টিসও সেরাটা দিতেই চাইবে। দলের শক্তিও বাড়ানো হয়েছে। কিংসের সমস্যা হচ্ছে আগের চেয়ে কিছুটা হলেও শক্তি কমেছে। একে তো সেকেন্ড উইন্ডোতে তারা নতুন খেলোয়াড় সংগ্রহ করতে পারেনি। তার পর আবার দুই ব্রাজিলিয়ান রাফায়েল ও ডরিয়েলটন এখনো ঢাকায় আসেননি। ইরান-আমেরিকা যুদ্ধে বিমানও বন্ধ। অবশ্য কিংসের যে শক্তি তাতে সানডে, রাকিব, ফাহিম, সোহেলরানা নিজেদের সেরাটা দিতে পারলে সমস্যা হওয়ার কথা নয়। আসলে শুধু কিংস নয়, দীর্ঘ দুই মাস লিগ বন্ধ থাকায় খেলোয়াড়দের মধ্যে অলসতাও চলে এসেছে। পারফর্ম করাটাই এখন বড় চ্যালেঞ্জের।

আজ থেকে দ্বিতীয় লেগ শুরু হলেও তা যে বিরতিহীনভাবে হবে তাও না। ৭ মার্চ দশম রাউন্ড শেষ হওয়ার পর লিগ আবার ৬ দিন বন্ধ। ১৪ মার্চ আবার ১১তম রাউন্ড শেষের পর ২৭ দিন লিগ বন্ধ। যদিও বেশ কয়েকজন খেলোয়াড় জাতীয় দলের ক্যাম্পে থাকবেন। ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচ খেলবে। তাতে কী, লিগ তো পুরোপুরি আলাদা। বারবার ব্যাহত হলে ছন্দ কি ধরে রাখা যায়। কিংসের সমর্থকরা আশা করছেন হেক্সা জেতার। কাজটি কিন্তু সহজ হবে না। পারবে কি না তা পুরোটা নির্ভর করবে টিম স্পিরিটের ওপর। এখানেই এগিয়ে থাকবে কিংস। যে কোনো টিমের চেয়ে কিংসের টিম-স্পিরিট সত্যিই আলাদা। ফর্টিস ছন্দময় খেলা খেলতে পারলে তারাও শিরোপার খাতায় নতুন নাম লেখাতে পারে। অন্যদিকে আবাহনীর কোচ মারুফুল হক হুমকি দিয়ে রেখেছেন দ্বিতীয় লেগে আবাহনী থাকবে আবাহনী রূপে। যে-ই শিরোপা জিতুক না মোহামেডান যে পারবে না তা শতভাগ নিশ্চিত। প্রথম লেগেই তারা ১৭ পয়েন্ট নষ্ট করেছে। দ্বিতীয় লেগে আবার একাধিক পাকিস্তানি ফুটবলারকে দেখা যাবে। ১৯৭৯ সালে শেষবার ঢাকায় পাকিস্তানিরা লিগ খেলে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights