কেউ বাউন্সার মারলে তাকে ছেড়ে কথা বলবো না : নাহিদ

অনলাইন ডেস্ক

সম্প্রতি জাতীয় দলের হয়ে বেশ ভালো সময় কাটাচ্ছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। বলের গতি ও বাউন্সারের কারণে ক্রিকেটে দাপটের সঙ্গে খেলছেন এই পেসার। চলমান পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজেও বল হাতে আগুন ঝরাচ্ছেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট পেয়েছিলেন নাহিদ। আজ শেষ টেস্টের প্রথম ইনিংসেও তুলে নিয়েছেন ৩ উইকেট। এমন পারফরম্যান্স করার পর চারদিক থেকেই প্রশংসা পাচ্ছেন এই পেসার।

মিরপুরে প্রথম টেস্টে ব্যাট করতে নেমে শাহীন আফ্রিদির বাউন্সার খেয়েছিলেন তিনি, পরে বল হাতে শাহীনকে পাল্টা বাউন্সারে কাবু করে বুঝিয়ে দেন জবাব।

আজ সংবাদ সম্মেলনে ওই প্রসঙ্গেই জানতে চাওয়া হলে নাহিদ বলেন, বাউন্সার দিতে ভাববো কিনা জানি না, তবে এতটুকু বলতে পারি, আমাকে কেউ বাউন্সার মারলে আমি তাকে ছেড়ে কথা বলবো না, এইটা বলতে পারি।

বাবর আজম আর সালমান আলি আঘার জুটিতে আজ প্রতিরোধ গড়ে এগিয়ে যাচ্ছিল পাকিস্তান। একপর্যায়ে বাবরকে ফিরিয়ে দেন নাহিদ। এই নিয়ে বাবরকে পাঁচ দেখায় তিনবার আউট করলেন। তবে এই উইকেট আলাদা করে দেখতে রাজি নন তিনি।

নাহিদ বলেন, আসলে প্রত্যেকজন ব্যাটসম্যানকে আউট করতে মজা লাগে। কারণ প্রত্যেকটা উইকেটই আমার জন্য ও আমার দলের জন্য গুরুত্বপূর্ণ। আপনি একজন ব্যাটসম্যানকে বলে-কয়ে আউট করতে পারবেন না যে, এই ব্যাটসম্যানটা ভালো ব্যাটসম্যান কিংবা ওয়ার্ল্ড ক্রিকেটের বড় নাম, আপনি কখনো বলে-কয়ে আউট করতে পারবেন না। আমি জাস্ট আমার প্রসেসের মধ্যে থাকার চেষ্টা করি এবং চেষ্টা করি যে কেমনে আমার প্ল্যান এক্সিকিউট করে আমার দলকে হেল্প করা যায়।

সম্প্রতি দারুণ সময় যাচ্ছে নাহিদের। যেখানেই খেলছেন, যে ফরম্যাটেই খেলছেন আলো ছড়াচ্ছেন। পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাতো রীতিমতো মুগ্ধ নাহিদের গতি, আগ্রাসনে। নাহিদ অবশ্য এতো কিছু ভাবতে চান না, সময়টাকে উপভোগ করে যেতে চান তিনি।

নাহিদ বলেন, আসলে আগে থেকে বেশি কিছু চিন্তা করতেছি না। জাস্ট একটা জিনিস চিন্তা করতেছি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সময়টা ভালো যাচ্ছে, ইনজয় করতেছি এবং চেষ্টা করতেছি যাতে দেশের জন্য কিছু ভালো কিছু করতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights