৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন জাবি শিক্ষার্থীরা
অনলাইন ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে চলমান আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
রবিবার সকাল ১০টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে অবরোধ করেন। সন্ধ্যা সোয়া ৬ টা পর্যন্ত এ অবরোধ অব্যাহত ছিল।
অবরোধ চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যবৃন্দসহ প্রশাসনিক অনেক কর্তা-ব্যক্তিরা তাদের কার্যালয়ে প্রবেশ করতে পারেননি। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল।
পরে ধর্ষণচেষ্টার ঘটনা, প্রক্টরিয়াল বডি ও অন্যান্য সদস্যদের গাফিলতি সংক্রান্ত প্রশাসনের তদন্ত প্রতিবেদন ৭২ ঘণ্টার মধ্যে জমা দেওয়ার আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি, যা প্রশাসনিক ব্যর্থতা ও চরম অবহেলার প্রমাণ। ফলে তারা ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার এবং প্রক্টর ও প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ পূর্বঘোষিত ৬ দফা দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করেন।
এদিকে, ধর্ষণচেষ্টার ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানাকে প্রধান করে গঠিত এ কমিটি আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য।
এর আগে, গত ১৩ মে ভোর রাতে একই দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। সেই সময় দাবি বাস্তবায়নে ব্যর্থ হলে বিক্ষোভ মিছিল, উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান, প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা এবং প্রক্টর কার্যালয়ে তালা দেওয়ার মতো কর্মসূচি পালন করেন তারা।
