১১৭ বলে ডাবল সেঞ্চুরিতে গিলের বিশ্বরেকর্ড

অনলাইন ডেস্ক

ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ইতিহাস গড়া জয় তুলে নিয়েছে ভারত। আর এই ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের সেরা ২২৩ রানের মহাকাব্যিক ইনিংস খেললেন শুভমান গিল। ভারতীয় অধিনায়ক ২০০ রানের মাইলফলক ছুঁয়েছেন ১১৭ বলে। দ্রুততম ডাবল সেঞ্চুরির নতুন বিশ্ব রেকর্ড এটি। পেছনে ফেলেছেন ২০২২ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ঈশান কিষাণের ১২৬ বলে ডাবল সেঞ্চুরির কীর্তি।

দ্রুততম ডাবল সেঞ্চুরির দিনে আরও কিছু রেকর্ডে নাম লিখিয়েছেন গিল। ২২৩ রানের অপরাজিত ইনিংসটি ওয়ানডেতে রান তাড়ায় সর্বোচ্চ। ভেঙেছেন ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের ২০১ রানের রেকর্ড। এমনকি লিস্ট ‘এ’ ক্রিকেটেও এটি সর্বোচ্চ।

রেকর্ডটা এত দিন ছিল সৌম্য সরকারের, ২০১৯ সালে ঢাকা প্রিমিয়ার লিগে ২০৮ রান করেছিলেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যান। এ ছাড়া ওয়ানডেতে একাধিক ডাবল সেঞ্চুরি করা মাত্র দ্বিতীয় ব্যাটসম্যানও হয়েছেন গিল। অপরজন রোহিত শর্মা (৩টি)।

এই রোহিতকে নিয়েই আজ ক্যারিবীয়দের বিপক্ষে রান তাড়ায় নামেন গিল। উদ্বোধনী জুটিতে এ দুইজনই ২৬.২ ওভারে ২৫৫ রান তুলে ফেলেন। রোহিত ৭৫ বলে ১০১ রান করে ফিরে যাওয়ার পর ভারতকে বাকি পথটা একাই টেনে নেন গিল।

৬২ বলে সেঞ্চুরি করা গিল শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২৬ চার ও ৮ ছক্কা মেরে। খেলেন মোট ১৩৩ বল।

ভারত ম্যাচ জিতে যায় ৩৯ বল হাতে রেখেই। ওয়ানডেতে চার শর বেশি রান তাড়ায় মাত্র দ্বিতীয় জয় এটি। প্রথমটি ইতিহাসেরই প্রথম চার শ রানের ম্যাচের—২০০৬ সালে অস্ট্রেলিয়ায় ৪৩৪ তাড়া করে দক্ষিণ আফ্রিকার।

গুয়াহাটিতে বুধবার অষ্টম দল হিসেবে চার শ রানের মাইলফলক স্পর্শ করে ওয়েস্ট ইন্ডিজ। সেঞ্চুরি করেন জন ক্যাম্পবেল (৬৮ বলে ১০১), শাই হোপ (৯৪ বলে ১০৪) ও আমির জঙ্গু (৭৭ বলে ১১৪)।

পরে ভারতের হয়ে গিল ও রোহিত সেঞ্চুরি করায় রেকর্ড বইয়ে ঢুকে গেছে ম্যাচটি। একটি ওয়ানডেতে পাঁচ ব্যাটসম্যানের সেঞ্চুরির ঘটনা এই প্রথম।

চার সেঞ্চুরি ও এক ডাবল সেঞ্চুরির ম্যাচে ভারতের ইতিহাস গড়া জয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights