‘১৫ বছরে সাংবাদিকতায় তৈরি হওয়া প্রবণতা নিয়ে কাজ করতে হবে’
অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, গত ১৫ বছর ধরে সাংবাদিকতা যেভাবে চলেছে, যারা কাজ করেছে, যে প্রবণতা তৈরি হয়েছে, সেটা নিয়ে কাজ করতে হবে।
শনিবার বিকেলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সেমিনার কক্ষে ‘গণমাধ্যমে গুজব ও অপতথ্য : কে শিকার? কে শিকারি?’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সেমিনারের আয়োজন করে পিআইবি।
পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে এবং প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীনের সঞ্চালনায় সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউনেস্কোর হেড অব অফিস ও বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আল মামুন, দ্য ডিসেন্টের সম্পাদক ও ফ্যাক্টচেক বিশেষজ্ঞ কদরুদ্দীন শিশির, দৈনিক সমকালের সিনিয়র সাংবাদিক রাজীব আহমেদ, সাংবাদিক ও শিক্ষক নাজিয়া আফরিন মনামী, ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল ইসলাম, গবেষক ও ফ্যাক্টচেকার মিনহাজ আমান, আজহার উদ্দিন অনিক প্রমুখ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ভাষা-প্রযুক্তি বিশেষজ্ঞ মামুন অর রশীদ।
জাহেদ উর রহমান বলেন, অপতথ্য ও গুজব ছড়ানো এটা যে একটা অপরাধ, এটা অনেক সময় আমরা বুঝিও না। কোনো না কোনো ফর্মে লিগ্যাল অ্যাকশন ছাড়া এটা রোধ করা সম্ভব না। তবে বলছি না কঠিন কিছু করতে হবে। গালি দেওয়া ভিন্ন ব্যাপার। আমি গালি সহ্য করছি, সেটা ভিন্ন বিষয়। সেটা কিন্তু ফেক নিউজ না। সেটার বিরুদ্ধে দাঁড়াব কি দাঁড়াব না সেটা ডিফারেন্ট ডিবেট।
তিনি বলেন, ফেক নিউজ এজ এ ক্রাইম। আমার কাছে মনে হয় সমাজে সরকারকে এ বার্তাটা দিতে হবে। এটার জন্য আমাদের এক ধরনের প্রস্তুতিও আছে।
জাহেদ উর রহমান বলেন, সরকারের বিভিন্ন সমালোচনা করা যাবে আসল বিষয় নিয়ে। বাংলাদেশ মানুষের সংখ্যার দিক থেকে একটা জটিল দেশ। এমনিতেই এটা চালানো খুব কঠিন।
