২১ বছর বয়সেই নাইজেরিয়ান ফুটবলারের মৃত্যু
স্পোর্টস ডেস্ক
মাত্র ২১ বছর বয়সে মারা গেছেন নাইজেরিয়ার তরুণ ফুটবলার ভিক্টর উদোহ। গত সোমবার দেশটির রাজধানী আবুজায় তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তার অকাল মৃত্যুতে ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
ইংলিশ চ্যাম্পিয়নশিপ ক্লাব সাউদাম্পটন তাদের সাবেক এই ফুটবলারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ভিক্টর উদোহর মৃত্যুতে তারা হতবাক ও মর্মাহত। একই সঙ্গে তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে ক্লাবটি।
বেলজিয়ামের ক্লাব রয়্যাল অ্যান্টওয়ার্পও উদোহর মৃত্যুতে শোক প্রকাশ করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এই কঠিন সময়ে ভিক্টরের পরিবার ও বন্ধুদের প্রতি তাদের সমর্থন ও সহানুভূতি রয়েছে।
উদোহর মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। আবুজার স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে। তরুণ এই স্ট্রাইকারকে আফ্রিকান ফুটবলের সম্ভাবনাময় প্রতিভাদের একজন হিসেবে বিবেচনা করা হতো।
