৭০ বছর পর হারিয়ে যাওয়া সামুদ্রিক কৃমির সন্ধান

অনলাইন ডেস্ক

একটি প্রজাতির সামুদ্রিক কৃমি প্রায় ৭০ বছর আগে বিজ্ঞানীদের নজর থেকে হারিয়ে গিয়েছিল। সম্প্রতি এই কৃমি আবার আবিষ্কৃত হয়েছে। স্কুবা ডাইভারদের তোলা কিছু ছবিতে এই কৃমির উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে বলে সিএনএন জানিয়েছে।

গবেষণায় দেখা গেছে, অস্ট্রেলিয়া থেকে জাপান পর্যন্ত ছড়িয়ে থাকা প্রবালের কলোনিতে সামুদ্রিক ঘোড়ার সঙ্গে সহাবস্থানে ছিল এই কৃমিরা।

হারিয়ে যাওয়া এই সামুদ্রিক কৃমিটির নাম ‘হাপলোসিলিস অ্যান্থোগোর্জিকোলা’ যা এক ধরনের পলিকীট বা ব্রিসল ওয়ার্ম। এটি শাখাবিশিষ্ট গরগোনিয়ান প্রবালে বাসা বাঁধে এবং প্রতি ঘন সেন্টিমিটারে প্রায় ১৫টি কৃমি পাওয়া যায়। এই কৃমির সাধারণ আকার প্রায় ৬ মিলিমিটার বা ০.২৪ ইঞ্চি। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, ১৯৫৬ সালের পর থেকে এটি আর দেখা যায়নি। প্রথমবার কিয়োটো বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক জীববিজ্ঞানী হুজিও উতিনোমো এই কৃমিটিকে শনাক্ত করেছিলেন।

গবেষণার প্রধান লেখক এবং জাপানের ওকিনাওয়া ইউনিভার্সিটির মলিকুলার ইনভার্টিব্রেট সিস্টেমেটিকস অ্যান্ড ইকোলজি (MISE) ল্যাবের ডক্টরাল ছাত্রী ক্লোয়ে ফোরো জানান, কৃমিগুলোকে খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন কারণ, তাদের আকার ছোট এবং প্রায় স্বচ্ছ হওয়ার কারণে পানির নিচে সহজে নজরে আসে না।

গবেষকরা যখন প্রবাল সংগ্রহ করে ল্যাবে পাঠান, তখন সেখানে অসংখ্য ক্ষুদ্রাকৃতি কৃমির উপস্থিতি লক্ষ করেন। প্রতিটি কৃমির দৈর্ঘ্য ছিল ০.২ ইঞ্চির কম।

ক্লোয়ে আরও উল্লেখ করেন, একবার আমার ল্যাবমেট আই পিগমি সামুদ্রিক ঘোড়া নিয়ে গবেষণা করেন। তিনি আমাকে একটি কৃমি দেখিয়েছিলেন যেটি সামুদ্রিক ঘোড়ার প্রবাল বাসস্থানে পাওয়া গিয়েছিল। উল্লেখ্য, এই কৃমিগুলোর সন্ধান মূলত প্রবালের মধ্যে বসবাসকারী পিগমি সামুদ্রিক ঘোড়া নিয়ে গবেষণার সময় তোলা ছবিতে পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights