৭ বছর আগে ‘খুন হওয়া’ নারীকে খুঁজে বের করলেন ‘খুনি’

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের কর্ণাটকে সাত বছর আগে নিখোঁজ হওয়া এক নারীকে মৃত ভেবে দায়ের করা হয়েছিল হত্যা মামলা। সেই মামলায় গ্রেফতার হয়ে দুই বছরেরও বেশি সময় কারাগারেও কাটাতে হয়েছিল এক ব্যক্তিকে। কিন্তু সাত বছর পর জানা গেল, যাকে হত্যার অভিযোগে ওই ব্যক্তিকে জেলে যেতে হয়েছিল, সেই নারী আসলে জীবিত! শুধু তা-ই নয়, নিজেকে নির্দোষ দাবি করে আসা ওই ব্যক্তির আইনজীবীদের স্বাধীন অনুসন্ধানেই সন্ধান মিলেছে কথিত নিহত নারীর।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কর্ণাটকের মান্ড্য জেলায়। ঘটনার পর পুলিশের তদন্তপ্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। বিশেষ করে মরদেহ উদ্ধার না হওয়া সত্ত্বেও কীভাবে হত্যা মামলার চার্জশিট দাখিল করা হয়েছিল, তা খতিয়ে দেখতে আনুষ্ঠানিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা, বর্তমানে অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক প্রভাকরের ভূমিকাও অনুসন্ধানের আওতায় আসছে।

ঘটনার সূত্রপাত ২০১৯ সালের ৩ জুলাই। ওই দিন মান্ড্য জেলার পাণ্ডবপুরা এলাকার বাসিন্দা মঞ্জু বাবার বাড়ি থেকে বেরিয়ে যান। পরিবারের পছন্দে বিয়ে করতে রাজি না হওয়ায় তিনি নিজের পছন্দের মানুষকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বাড়ি ছাড়ার আগে একটি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে জরুরি প্রয়োজনে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলেন তিনি। এ সময় রাগিমুদ্দানাহাল্লি এলাকার বাসিন্দা রাজেশ নামের এক ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোন ধার নেন মঞ্জু। সেই ফোন ব্যবহার করেই বাড়িতে কল করেন তিনি। এরপর নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করতে সেখান থেকে চলে যান।

কিন্তু মঞ্জু বাড়িতে ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন তার বাবা নাগরাজু। মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনায় তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তদন্তে পুলিশ জানতে পারে, নিখোঁজ হওয়ার আগে মঞ্জু সর্বশেষ যে ফোনকলটি করেছিলেন, সেটি ছিল রাজেশের মোবাইল নম্বর থেকে। সেই সূত্র ধরেই রাজেশের নাম পুলিশের নজরে আসে। তবে সে সময় মঞ্জুর কোনো সন্ধান পাওয়া যায়নি। শেষ পর্যন্ত ২০২১ সালে নিখোঁজসংক্রান্ত মামলাটি অমীমাংসিত হিসেবেই বন্ধ করে দেওয়া হয়।

এরপর একই বছরের ১১ আগস্ট নতুন করে মোড় নেয় ঘটনাটি। নাগরাজু অনন্তপদ্মনাভ ও গুরুকুমার নামের দুই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের কাছে আবারও অভিযোগ করেন। তাদের দাবি ছিল, ২০১৯ সালে রাজেশ মঞ্জুকে অপহরণ করেছিলেন। পরে তাকে হত্যা করে মরদেহ কাবেরী নদীতে ফেলে দেওয়া হয়।

এই অভিযোগের ভিত্তিতে পুলিশ রাজেশের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। সে সময় মামলার তদন্তের দায়িত্বে ছিলেন পুলিশ পরিদর্শক প্রভাকর, যিনি বর্তমানে অবসরপ্রাপ্ত। তিনি রাজেশকে গ্রেফতার করেন এবং পাশ্চিমবাহিনী এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন তৈরি করেন। পরে কয়েকজন সাক্ষীর বক্তব্য এবং রাজেশের কথিত স্বীকারোক্তির ভিত্তিতে আদালতে হত্যা মামলার চার্জশিট দাখিল করা হয়।

তবে এই মামলার সবচেয়ে বড় প্রশ্ন ছিল, মঞ্জুকে হত্যার অভিযোগ থাকলেও তার কোনো মরদেহ উদ্ধার করা যায়নি। মরদেহ না পাওয়া সত্ত্বেও কীভাবে হত্যার অভিযোগে চার্জশিট জমা দেওয়া হলো, তা নিয়েও পরবর্তী সময়ে প্রশ্ন উঠেছে।

এদিকে গ্রেফতারের পর রাজেশকে দুই থেকে আড়াই বছর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে থাকতে হয়। তার বাবা ও আইনজীবীদের প্রচেষ্টায় শেষ পর্যন্ত জামিন পান তিনি। কারাগার থেকে মুক্তি পেলেও নিজের বিরুদ্ধে আনা হত্যার অভিযোগ মেনে নেননি রাজেশ। শুরু থেকেই তিনি নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন।

জামিনে মুক্তি পাওয়ার পরও হাল ছাড়েননি রাজেশ। নিজেকে নির্দোষ প্রমাণ করতে তিনি ও তার আইনজীবীরা স্বাধীনভাবে অনুসন্ধান শুরু করেন। দীর্ঘ অনুসন্ধানের একপর্যায়ে তারা জানতে পারেন, মঞ্জু আসলে জীবিত। মান্ড্য জেলার নাগামঙ্গলা এলাকার কাছাকাছি একটি স্থানে স্বামীর সঙ্গে সংসার করছিলেন তিনি।

এরপর রাজেশের আইনজীবী বিষয়টি পুলিশকে জানান। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিন্দিগানাভিলে থানায় নতুন করে একটি মামলা নথিভুক্ত করা হয়। পরে মঞ্জুকে উদ্ধার করে একটি সান্ত্বনা কেন্দ্রে নেওয়া হয়। এটি নারীদের জন্য পরিচালিত আশ্রয় ও কাউন্সেলিং কেন্দ্র।

পুলিশের কাছে দেওয়া প্রাথমিক বক্তব্যে মঞ্জু রাজেশের বিরুদ্ধে ওঠা হত্যার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি জানান, তার নিখোঁজ হওয়ার পর তাকে হত্যার অভিযোগে যে মামলা দায়ের করা হয়েছিল, সে সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না।

মঞ্জু পুলিশকে বলেন, রাজেশ নামে কাউকে তিনি চেনেন না। তার বাবা কেন এমন মামলা করেছিলেন, সেটিও তার জানা নেই। রাজেশ সম্পূর্ণ নির্দোষ এবং প্রয়োজন হলে যেকোনো জায়গায় তিনি এ বিষয়ে নিজের বক্তব্য দিতে প্রস্তুত।

মঞ্জুর এই বক্তব্যের পর সাত বছর ধরে চলা হত্যারহস্য নতুন মোড় নেয়। যে নারীকে হত্যার অভিযোগে একজন ব্যক্তিকে দীর্ঘ সময় কারাগারে থাকতে হয়েছিল, সেই নারীই এখন সামনে এসে জানালেন, ওই ব্যক্তির সঙ্গে তার পরিচয় পর্যন্ত নেই।

এ ঘটনায় রাজেশের পরিবার ক্ষোভ প্রকাশ করেছে। তাদের দাবি, নাগরাজু মিথ্যা অভিযোগ দায়ের করে রাজেশের জীবন বিপর্যস্ত করেছেন। অন্যদিকে মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক প্রভাকরের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তুলেছে পরিবারটি।

তাদের অভিযোগ, প্রভাকর তদন্তে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন না করে সাজানো প্রমাণের ভিত্তিতে রাজেশকে হত্যা মামলায় ফাঁসিয়েছেন। এর ফলে একজন নির্দোষ ব্যক্তিকে বছরের পর বছর আইনি জটিলতা ও কারাবাসের মধ্য দিয়ে যেতে হয়েছে।

রাজেশের পরিবারের পক্ষ থেকে নাগরাজুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরের জন্য এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা প্রভাকরের বিরুদ্ধে প্রমাণ জালিয়াতি ও তদন্তে অনিয়মের অভিযোগে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর মান্ড্য জেলার পুলিশ সুপার (এসপি) শোভা রানি বিষয়টির গুরুত্ব স্বীকার করেছেন। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, পুরো ঘটনাটি নিয়ে বিস্তারিত অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে মরদেহ উদ্ধার না হওয়া সত্ত্বেও ঠিক কী পরিস্থিতিতে পুলিশ হত্যা মামলার চার্জশিট দাখিল করেছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট কোনো মন্তব্য করতে চাননি তিনি।

এসপি শোভা রানি জানিয়েছেন, মামলার তদন্তে কী ধরনের ত্রুটি ছিল এবং কীভাবে এমন গুরুতর পরিস্থিতির সৃষ্টি হলো, তা খতিয়ে দেখতে একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশকে (ডিএসপি) দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে পুরো ঘটনার বিস্তৃত তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সাত বছর ধরে নিখোঁজ থাকা এক নারীকে মৃত ধরে নিয়ে হত্যা মামলা, সেই মামলায় একজন ব্যক্তির দীর্ঘ কারাবাস এবং শেষ পর্যন্ত ওই ব্যক্তির আইনজীবীদের অনুসন্ধানে কথিত নিহত নারীর জীবিত অবস্থায় সন্ধান পাওয়া—সব মিলিয়ে ঘটনাটি কর্ণাটকে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এখন তদন্তের মূল প্রশ্ন, একজন জীবিত নারীকে মৃত ধরে কিসের ভিত্তিতে হত্যা মামলার চার্জশিট তৈরি করা হয়েছিল এবং সেই তদন্তে কারা দায়ী ছিলেন। পুলিশের বিভাগীয় অনুসন্ধানের প্রতিবেদনেই হয়তো সামনে আসবে এই নজিরবিহীন ঘটনার নেপথ্যের বিস্তারিত চিত্র।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights