ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৬

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। শনিবার (২১ অক্টোবর) রাতে ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে একটি পোস্টাল কোম্পানির গুদামে এই হামলা চালানো হয়।

সোশ্যাল মিডিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শেয়ার করা ভিডিওতে দেখা যায়, হামলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনীয় পোস্টাল অপারেটর নোভা পোশতার গুদামটি। বিস্ফোরকের আঘাতে উড়ে গেছে এর দরজা-জানালা।

খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ বলেছেন, রুশ হামলায় নোভা পোশতার ছয় কর্মচারী নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। হামলার সময় তারা টার্মিনালের ভেতরে অবস্থান করছিলেন।

তিনি জানান, ভুক্তভোগীদের বয়স ১৯ থেকে ৪২ বছরের মধ্যে। শার্পনেল ও বিস্ফোরকের আঘাতে গুরুতর জখম হন তারা।

আহত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রাণ বাঁচাতে লড়ছেন চিকিৎসকরা।

আঞ্চলিক প্রসিকিউটর অফিসের তথ্যমতে, খারকিভের উত্তরে বেলগোরোদ অঞ্চলে রুশ বাহিনী বেশ কয়েকটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, যার মধ্যে দুটি ওই গুদামে গিয়ে আঘাত হানে।

অফিসের মুখপাত্র দিমিত্রো চুবেনকো ইউক্রেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সুসপিলনে’কে বলেছেন, আহত ও নিহতের সঠিক সংখ্যা নির্ধারণের জন্য ঘটনাস্থলে ধ্বংসাবশেষ বিশ্লেষণ অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights