গণধর্ষকদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে তরুণীকে গণধর্ষণের ঘটনার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার এবং তাদের শাস্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় মহিলা পরিষদ।

শনিবার সকালে চিরিরবন্দর উপজেলার ঘুঘুরতালী বাজারে এ মানববন্ধন করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হক ও থানার ওসি বজলুর রশীদ অংশ নিয়ে ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রুবিনা আক্তার, চিরিরবন্দর উপজেলা মহিলা পরিষদের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, ধর্ষণের শিকার তরুণীর পরিবারের সদস্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, গণধর্ষণের এ ঘটনায় জড়িতরা যতই ক্ষমতাশালী হোক, যেন আইনের চোখ ফাঁকি দিয়ে পার না পায়। তাদের দ্রুত গ্রেফতারসহ এমন শাস্তির দাবি জানান, যেন সেই শাস্তি দেখে অন্য কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।

উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাতে চিরিরবন্দরের ঘুঘুরতালী এলাকায় ওই তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ৯৯৯এ ফোন পেয়ে পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ধর্ষণের শিকার তরুণীর বোন বাদী হয়ে একটি মামলা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights