চাঁদপুরে ১৫ জেলেকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে কারেন্টজালসহ অন্যান্য নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে ১৫ জেলেকে ভ্রাম্যমাণ আদালত ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন। শুক্রবার বিকেলে উপজেলার নীলকমল পুলিশ ফাঁড়ি সংলগ্ন মেঘনার পাড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা। অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন খোরশেদ (৩৮), সোহাগ (৩২), রাছেল (২৯), রিয়াদ মিজি (২৭), মো. মোহন মীর (২১), শাওন (২০), শান্ত মোল্লা (১৯), মো. বাবু (২০), রাজিব বেপারী (৩০), মো. হৃদয় মীর (২৫), সেলিম মীর (৫০), রুবেল (৩৫), মো. রিয়াদ (২৫), সোহাগ খান (৩০) ও আবু বকর বেপারী (৫০)।

অভিযানে অংশগ্রহণকারী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো: মাহবুব রশীদ জানান, কম্বিং অপারেশনের চতুর্থ ধাপে সাড়ে ১১টা হতে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মেঘনার চরভৈরবী এলাকায় উপজেলা টাস্ক ফোর্স যৌথ অভিযান পরিচালনা করেন।

এসময় ৩০ হাজার মিটার কারেন্ট জাল, একটি চরঘেরা জাল জব্দ করা হয়। নিষিদ্ধ ফাঁসের জাল দিয়ে ১০০ কেজি জাটকা, চেউয়া মাছের একটি ব্রুড স্টক এবং অন্যান্য প্রজাতির মাছ আহরণরত অবস্থায় ১৫ জেলেকে হাতে নাতে আটক করা হয়। আটককৃত জেলেদের ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জব্দকৃত জাল ইউএনও এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং জব্দকৃত মাছ স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করা হয়।অভিযানে নীল কমল ফাঁড়ি ইনচার্জ জাহাঙ্গীর হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights